পছন্দের প্রার্থীকে গোপনে নিয়োগের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা উচ্চবিদ্যালয়ে নৈশপ্রহরী পদে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা গোপনে তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার বিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ওই নিয়োগ পরীক্ষা চলছিল। এ সময় অভিযোগের ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখানে উপস্থিত হন। পরে তাঁর হস্তক্ষেপে পরীক্ষা স্থগিত করা হয়।প্রার্থীরা অভিযোগ করেন, কাটলা বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে লোক নিয়োগের জন্য গত বছরের ১৫ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। মোট আটজন প্রার্থী ওই পদে আবেদন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই বছরের ২২ আগস্ট নিয়োগ পরীক্ষার দিন ধার্য করে। কিন্তু হঠাৎ করে ওই দিন নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছরের ৭ মার্চ আবেদনকারীরা জানতে পারেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘুষের বিনিময়ে তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেবেন এবং ৮ মার্চ বালিকা বিদ্যালয়ে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য ওই প্রার্থী ও তাঁর দুই সহযোগীকে পরীক্ষার প্রবেশপত্র দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করা বাকি পাঁচজনকে প্রবেশপত্র দেওয়া হয়নি। এ ব্যাপারে প্রবেশপত্র না পাওয়া আবেদনকারীরা দিনাজপুর জেলা প্রশাসক, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে শুক্রবার বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা চলাকালে সেখানে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম। পরে তাঁর হস্তক্ষেপে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়।অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে কাটলা উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. ইমদাদুল হক চৌধুরী বলেন, জানুয়ারি মাসে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নতুন বিজ্ঞপ্তির পর অভিযোগকারীরা আবেদন করেননি। যার কারণে তাঁদের প্রবেশপত্র দেওয়া হয়নি।নিয়োগ বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল আলম বলেন, যোগ্য সব প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া অন্যায়। উদ্ভূত পরিস্থিতির কারণে তাঁরা নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন।