পছন্দের প্রার্থীকে নারীর প্রতীকে ভোট পুরুষের
দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে গতকাল শনিবার তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নারী ভোটাররা পছন্দের ব্যক্তিকে আর পুরুষ ভোটাররা প্রতীকে ভোট দিয়েছেন বলে বেশির ভাগ ভোটার জানিয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গতকাল সকাল ১০টায় উপজেলার ১ নম্বর আলোকঝাড়ি ইউনিয়নের খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তাঁতীপাড়া গ্রামের আরতি রানী। তিনি বলেন, ‘ভোট হারা লোক দেখেই দিছি। বাড়ির মানুষ (স্বামী) মার্কা দেখে দেবে। হারা ঘরোত থাকি। হারা তো আর দলটল করি না। তাই যাই ভালো মানুষ তাক ভোট দেনো।’
একই কেন্দ্রে ভোট দিতে আসা বেলাল হোসেন বলেন, ‘মনে মনে তো সবাই নৌকা, না হয় ধানের শীষের লোক। তাই হারা মার্কা দেখেই দেনো।’
সকাল সাড়ে ১০টায় আলোকঝুড়ি ইউনিয়নের আরেক কেন্দ্র বাসুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন শাহাপাড়া গ্রামের তৌহিদা বেগম ও শাহিদা পরাভীন। তাঁরা বলেন, ‘ভালো মানুষ ছাড়া তাঁদের কোনো কাজ হবে না। তাঁরা কোনো রাজনীতির সঙ্গেও জড়িত নন। ফলে দলের লোক নির্বাচিত হলে তাঁদের কোনো লাভ হবে না। তাই তাঁরা যে ব্যক্তি ভালো তাঁকেই ভোট দিয়েছেন।’
বেলা ১১টায় ভেরভেরী ইউনিয়নের মাগুরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা কৃষক হবিবর রহমান বলেন, ‘এখন তো দ্যাশের নোক মার্কা মারা হয়ে গেছে। মার্কাত ভোট না দিয়ে লাভ আছে। মার্কাত দিলেও নাম হবি, না দিলেও নাম হবি। লোক দেখে আর লাভ আছে।’
দুপুর ২টায় আঙ্গারপাড়া ইউনিয়নের জমির উদ্দিন শাহ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা আবদুর রাজ্জাককে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ভোট মার্কা দেখে দিয়েছেন।’ রাজনীতি করেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনীতি কেউ আগোত করে কেউ মনোত থুয়ে।’ উল্টো তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘রাজনীতি কে করে না? এখন সব ব্যাপারোতই রাজনীতি। ভোট মার্কাত না দিয়ে লাভ আছে।’