পছন্দের প্রার্থীকে ভোট দেবেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের চাপড়াসরমজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রতীক নয়, এলাকার উন্নয়নে জনগণের পাশে থাকবেন এমন প্রার্থীকে ভোট দেবেন ভোটাররা। গতকাল বুধবার ওই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজার ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
ষষ্ঠ ধাপে ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন হবে।
সকাল নয়টার দিকে কথা হয়, বাবড়িঝাড় বাজারের মুদি দোকানদার লতিফচাপড়া গ্রামের মকলেছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এখানে একজন প্রার্থীর বাড়ি, সে কারণে অন্য প্রার্থীরা এখানে কম সময় নষ্ট করেন। বেলা দুইটার পর মাইকিং শুরু হবে। এখানে কেউ মিছিল, শোডাউন করেন না। বাড়ি বাড়ি গিয়ে সবাই ভোট চান।
দুপুর ১২টার দিকে সরকারপাড়া গ্রামে কথা হয় ওই গৃহিণী আনজুয়ারা বেগমের (৩৫) সঙ্গে। তিনি বলেন, ‘প্রার্থীরা আসছেন, তাঁদের মতো করে তাঁরা কথাবার্তা বলছেন। আমরাও তাঁদের কথা শুনছি। কিন্তু আমরা কোনো প্রতীক দেখে ভোট দেব না। আমরা সৎ ও যোগ্য প্রার্থী দেখেই ভোট দেব।’ ওই গ্রামের ইউনুস আলী (৪০) বলেন, ‘আগে ভোট দিয়া অনেক চেয়ারম্যান-মেম্বার বানাইছি, এইবার ভালো-মন্দ বিচার করি ভোট দিমো।’
দুপুরে ইটাপীর বাজারে কথা হয়, ইটাপীর গ্রামের গৃহিণী মিনু আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘মার্কা দেখি কি হবে, যোগ্য প্রার্থী দেখি ভোট দিমো।’ একই রকম কথা বলেন, ওই গ্রামের সাহের বানু (৩০), চাইনিজ বেগমসহ (৩৫) আরও অনেকে।
এখানে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের খলিলুর রহমান, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ও এছলাম উদ্দিন।
আমিনুর রহমান বলেন, ‘আচরণবিধি অনুসরণ করে প্রচারণা চালাচ্ছি। কিন্তু খলিলুরের লোকজন রাতে ইটাপীর এলাকায় অহেতুক ঘোরাফিরা করছেন। দুই-একশত করে টাকাও দিচ্ছেন ভোটারদের। ওই কাজটা এছলামও করছেন।’
এছলাম বলেন, ‘প্রচারণা শুরুর দিকে খলিলুরের এলাকায় আমার লোকজনকে পোস্টার লাগাতে বাধা দিয়েছিল খলিলুরের লোকজন। এখন সমস্যা হচ্ছে না।’ টাকা দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘টাকার অভাবে প্রচারণাই তো চালাতে পারছি না।’
ভোটারদের টাকা দেওয়ার কথা অস্বীকার করে খলিলুর বলেন, ‘আচরণবিধি অনুসরণ করে আমরা মিলেমিশে প্রচার-প্রচারণা চালাচ্ছি।’