পছন্দের প্রার্থীকে সিল মারা ব্যালট প্রদর্শন, চারজনের কারাদণ্ড
ভোটকেন্দ্রের বাইরে পছন্দের প্রার্থীকে সিল দেওয়া ব্যালট পেপার প্রদর্শনের অপরাধে লালমনিরহাট কালীগঞ্জের তিন ইউনিয়নের চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত (সামারি ট্রায়াল কোর্ট)। আজ শনিবার বেলা দুইটার থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের মদাতি ইউনিয়নের লুৎফর রহমান (৪৫) ও মোহাম্মদ আলী (৫০), দলগ্রাম ইউনিয়নের গ্যাগড়া গ্রামের আবুল কাশেম এবং তুষভাণ্ডার ইউনিয়নের ঘনশ্যাম গ্রামের সাধু মিয়া (৪০)।
আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত চারজন তাঁদের পছন্দের ইউপি সদস্যকে নিজ নিজ কেন্দ্রের বুথে গিয়ে ভোট দেন। পরে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য তাঁরা নিজেদের সিল মারা ব্যালট পেপার ভোটকেন্দ্রের বাইরে এনে ইউপি সদস্যদের দেখান। তখন হাতেনাতে তাঁদের ধরেন আদালত। পরে তাঁদের কারাদণ্ড দেন লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান।
লালমনিরহাটের জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে কালীগঞ্জ থানায় রাখা হয়েছে। সন্ধ্যার পর তাঁদের কারাগারে পাঠানো হবে।