জাতীয় বিশ্ববিদ্যালয়ে শাখা কর্মকর্তাদের (সেকশন অফিসার) সহকারী রেজিস্ট্রার সমমানের পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পদোন্নতির জন্য প্রার্থীদের তড়িঘড়ি করে আজ রোববার ও কাল সোমবার দুদিন মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ২৩ আগস্ট পদোন্নতি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, দলীয় ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পছন্দের ব্যক্তিদের পাশাপাশি বিশেষ এলাকার প্রার্থীরা পদোন্নতির ক্ষেত্রে বিশেষ বিবেচনা পেতে যাচ্ছেন। বিশেষ করে, গাজীপুর ও গোপালগঞ্জ ছাড়া অন্যান্য এলাকার প্রার্থীরা পিছিয়ে পড়ার আশঙ্কাা করছেন। গত ১৯ জুলাই শাখা কর্মকর্তাদের পদোন্নতির বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১৬০ জনের বেশি প্রার্থী আবেদন করেন। কিন্তু পদের সংখ্যা কম হওয়ায় আপগ্রেডেশনেরও (স্কেল বৃদ্ধি) উদ্যোগ নেওয়া হয়। সূত্র জানায়, গত জোট সরকারের সময়ে নিয়োগপ্রাপ্তরা পদোন্নতির আবেদন করারই সুযোগ পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, একদিকে বর্তমান সরকার সমর্থকেরাই পদোন্নতি পাচ্ছেন, অন্যদিকে সরকার সমর্থকদের মধ্যে যাঁদের বাড়ি ওই দুটি জেলায় তাঁরা এগিয়ে আছেন। গাজীপুরে বাড়ি দুই কর্মকর্তাসহ তিনজন মিলে ৪ আগস্ট কলেজ পরিদর্শন শাখায় অন্য এক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই তিনজনের একজন কর্মকর্তাকে খুলনা সরকারি বিএল কলেজের পরিদর্শন দলে নাম দেওয়ার জন্য তাঁরা চাপ প্রয়োগ করেন। কিন্তু নিয়মের বাইরে হওয়ার কথা জানালে ওই কর্মকর্তার সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করেন। পরে ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বিষয়টি লিখিতভাবে জানান। অভিযোগে বলা হয়, ওই তিন কর্মকর্তা মিলে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ৮ আগস্ট এই অভিযোগ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অথচ কলেজ পরিদর্শক ঘটনাটি সত্য হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন। অভিযোগ পাওয়া গেছে, এই তিনজনের মধ্যে গাজীপুর বাড়ি এক প্রার্থীকে শাখা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করা হচ্ছে। বক্তব্য পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। টেলিফোন ও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তিনি সংবাদমাধ্যম এড়িয়ে চলেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমেদ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। আর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, পদোন্নতি প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত নন।