পছন্দের ভোটকেন্দ্রের নাম জমা দিল স্বাচিপের দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার নির্বাচনে ভোট গ্রহণের স্থান নির্ধারণের লক্ষ্যে সম্ভাব্য ছয়টি স্থানের নাম জমা দিয়েছে স্বাচিপের দুটি পক্ষ। গতকাল সোমবার নির্বাচন কমিটির আহ্বায়কের দপ্তরে প্রতিদ্বন্দ্বী পক্ষ দুটি তিনটি করে ভেন্যুর নাম জমা দেয়।

নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপের বিবাদমান দুটি পক্ষ হলো মুজিবুল হক খান-ফয়সাল ইকবাল চৌধুরী পরিষদ এবং নাসির উদ্দিন মাহমুদ-মিনহাজুর রহমান পরিষদ। 

একটি পক্ষের সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘আমরা নগরের নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়, জিইসি কনভেনশন সেন্টার ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে ভোট গ্রহণের স্থান নির্ধারণের প্রস্তাব করেছি।’

অন্যদিকে অপরপক্ষের সভাপতি পদপ্রার্থী ও বিএমএ চট্টগ্রামের বর্তমান সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘আমরা মেডিকেলের শাহআলম বীর উত্তম মিলনায়তন, মেডিকেল স্টাফ কোয়ার্টার স্কুল ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নাম প্রস্তাব করেছি।’

দুই পক্ষের প্রস্তাবিত স্থানগুলো বিবেচনা করে যেকোনো একটিকে ভোট গ্রহণের স্থান হিসেবে কয়েক দিনের মধ্যে নির্ধারণ করবে নির্বাচন কমিটি।

নগরের জিইসি এলাকার বিএমএ কার্যালয়ে এত দিন বিএমএ নির্বাচনে ভোট গ্রহণ করা হতো। কিন্তু গতবারের নির্বাচনকে ঘিরে বিএমএ কার্যালয়ে ব্যালট ছিনতাই ও মারামারির ঘটনা ঘটে।  মুজিব-ফয়সাল পরিষদ এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ভোটকেন্দ্র নির্ধারণের দাবি জানায়। অন্যদিকে নাসির-মিনহাজ পরিষদ বিএমএ কার্যালয়ে নির্বাচন চাচ্ছিল। পরে এই দুটি স্থান বাদ দিয়ে নির্বাচন কমিটি দুই পক্ষের কাছ থেকে নতুন তিনটি করে নিরপেক্ষ ভেন্যুর নাম চায়। দুই পক্ষ গতকাল তিনটি করে স্থানের প্রস্তাব জমা দেয়। ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।