পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে...
পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে তাঁর ছোট ভাই জেএসসি পরীক্ষার্থীকে জখম করেছেন এক যুবক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চরপাথালিয়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী এমরান হোসেন ওই পরীক্ষার্থীর বড় বোনকে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের পরিবার এতে রাজি না হয়ে তাঁকে অন্যত্র বিয়ে দেয়। এমরান কিছুদিন পর দেশে ফিরে আসেন। গতকাল সকালে মেয়ের ছোট ভাই জেএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে নন্দলালপুর কেন্দ্রের দিকে রওনা হয়। চরপাথালিয়া গ্রামের কালীমন্দির এলাকায় এমরান ও তাঁর দুই সহযোগী দা দিয়ে তার হাত, বুক ও কোমরে কুপিয়ে জখম করে পালিয়ে যান। ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ সুলতানা বলেন, ছেলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বলেন, এ ঘটনায় ছেলের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এমরানের বাবা আরশাদ আলী ও ভাই জাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।