ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে গোপনে পুনঃ দরপত্র-প্রক্রিয়া সম্পন্নের অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয় ঠিকাদারেরা এ অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার প্রথম আলোকে জানান, পাউবো নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবন নির্মাণের জন্য গত জুন মাসে দরপত্র আহ্বান করা হয়। সে সময় সাতজন ঠিকাদার এ কাজের জন্য শিডিউল জমা দেন। এক কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের এ কাজটি উচ্চ দরের কারণে বাতিল করে কর্তৃপক্ষ। এরপর চলতি মাসে এ কাজের জন্য পুনরায় দরপত্র আহ্বান করতে গোপনীয়তায় আশ্রয় নেয় কর্তৃপক্ষ।
ঠিকাদারদের অভিযোগ, গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমাদানের শেষ সময় নির্ধারণ করা ছিল। কিন্তু এই দরপত্র আহ্বান করতে কর্তৃপক্ষ কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তারা কেবল তাদের নিজস্ব ওয়েবসাইটে দরপত্র বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে সংশ্লিষ্ট অনেক ঠিকাদারই দরপত্রের বিষয়ে কিছুই জানতে পারেননি।
ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইফতাদুল আজিজ জানান, সোমবার দরপত্র জমাদানের শেষ সময় থাকলেও অনেক ঠিকাদারই প্রচারের অভাবে বিষয়টি জানতে পারেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গোপনে টেন্ডার-প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করে। আগের টেন্ডারে অংশ নেওয়া প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতেই তারা এ গোপনীয়তার আশ্রয় নেয়।
শহরের পূর্ব পাইকপাড়ায় পাউবোর কার্যালয়ে সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের পিকআপ রাখা। সেখানে ১০-১২ জন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে।
নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘কোনো ঠিকাদার তো আজ পর্যন্ত আমার কাছে এ বিষয়ে অভিযোগ নিয়ে আসেননি। ফলে গোপনে দরপত্র-প্রক্রিয়া সম্পন্নের অভিযোগ সত্য নয়।’ তিনি আরও বলেন, ব্যাংকের মাধ্যমে যেহেতু শিডিউল বিক্রি হয়েছে, সেহেতু পছন্দের কাউকে কাজ পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।