
নারায়ণগঞ্জ উপনির্বাচনে মনোনয়ন দেওয়া নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের মধ্যে বিরোধ চরমে উঠেছে। জাতীয় পার্টির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এরশাদ নাসিম ওসমানের মেয়ে আফরিন ওসমানকে মনোনয়ন দিতে চান। অন্যদিকে রওশন এ পদে তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসিহকে চান। নারায়ণগঞ্জে সাত খুন ও মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলায় ওসমান পরিবারের সম্পৃক্ততার অভিযোগের রেশ না কাটতেই এরশাদ ওসমানদের পক্ষে অবস্থান নিলেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের প্রার্থী চূড়ান্ত করতে আজ রোববার জাতীয় পার্টির সংসদীয় বোর্ডের সভা ডাকা হয়েছিল। খোঁজখবর নিয়ে জানা গেছে, এরশাদ ও রওশনের বিরোধের জেরে শেষ পর্যন্ত বৈঠক স্থগিত হয়। তবে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ ধরনের কোনো বিরোধের কথা শোনেননি বলে জানান। তিনি বলেন, হাতে এখনো কিছুটা সময় আছে। সে কারণেই বুঝেশুনে প্রার্থী চূড়ান্ত করা হবে। নাসিম ওসমান চার দফা সাংসদ ছিলেন। জাতীয় পার্টি আসনটি হাতছাড়া হোক তা চায় না।
এরশাদ আজ তাঁর বনানী কার্যালয়ে উপস্থিত থাকলেও কাকে প্রার্থী করবেন সে বিষয়ে মুখ খোলেননি। তবে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রয়াত সাংসদ এবং জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘নাসিম ওসমানের আসন থেকে যাকে প্রার্থী দেব তাকে ভোট দিয়ে বিজয়ী করে আপনারা তার (নাসিম ওসমানের) আত্মাকে শান্তি দেবেন।’ ওই সভায় এ সময় উপস্থিত ছিলেন নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও মেয়ে আফরিন ওসমান। তবে এরশাদ যখন নিহত ব্যক্তিদের বাড়িতে সমবেদনা জানাতে যান তখন সেখানে উপস্থিত লোকজন ওসমান পরিবারের বিরুদ্ধে স্লোগান দেন।
সূত্রগুলো বলছে, রওশন এই প্রেক্ষাপটেই জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসী হিসেবে পরিচিতি আছে এমন কাউকে মনোনয়ন দেওয়া হলে তিনি মেনে নেবেন না। এ বিষয়ে এখন পর্যন্ত তিনি অনড় আছেন। তাঁর মতকে সমর্থনও দিচ্ছেন দলের একটি বড় অংশ। তারা বলছে, নারায়ণগঞ্জের এমন পরিস্থিতিতে যদি ওসমান পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া হয়, তা হলে দলটি ব্যাপক সমালোচনার মুখে পড়তে পারে।
কিন্তু জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত শামীম ওসমানের ঘনিষ্ঠ একজন সহযোগী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নাসিম ওসমান তাঁর আসন থেকে চারবার নির্বাচিত হয়েছেন। গোলাম মসিহর বাড়ি নারায়ণগঞ্জ হলেও এলাকায় তাঁর খুব একটা যাতায়াত নেই। আওয়ামী লীগ প্রার্থী না দিলেও, এখান থেকে যে-ই দাঁড়াবেন তাঁকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। সে ক্ষেত্রে ওসমান পরিবার ছাড়া কারও পক্ষেই প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করা সম্ভব হবে না।