পঞ্চগড় জেলা বিএনপিতে কোন্দল
পঞ্চগড় জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কোন্দল মেটাতে কেন্দ্রীয় নেতারা কয়েক দফা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। কোন্দলের কারণে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জাতীয় ও স্থানীয় কর্মসূচি পৃথকভাবে পালন করছে।
সম্প্রতি কোন্দল মেটাতে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের পর এই উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ জানুয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের মৃত্যুর পর সাধারণ সম্পাদকের পদ নিয়ে দুটি পক্ষে কোন্দল শুরু হয়। এখানে একটি পক্ষের নেতৃত্বে আছেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। আরেক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন ও জেলা বিএনপির সহসভাপতি, পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম।
সাবেক স্পিকারের সহকারী ব্যক্তিগত সচিব ও কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ অলিখিতভাবে জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে থাকলে একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর থেকে দুটি পক্ষে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন শুরু হয়।
এক পক্ষের অভিযোগ, ক্ষমতায় থাকার সময় এম এ মজিদ নানা অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাঁর নেতৃত্বে অগণতান্ত্রিকভাবে দলীয় কর্মকাণ্ড চলতে থাকায় নেতা-কর্মী ও জনসাধারণের কাছে দল হিসেবে বিএনপির নেতারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতিতে প্রবীণ ও পরীক্ষিত নেতা-কর্মীরা সংগঠনের প্রতি বিমুখ হয়ে পড়ছেন।
অপর পক্ষের অভিযোগ, সাধারণ সম্পাদকের পদ পাওয়ার জন্যই তৌহিদুল ইসলাম সাম্প্রতিক সময়ে জেলা সভাপতিকে নিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। একই সঙ্গে তাঁরা জমির উদ্দিন সরকারকে উপেক্ষা করে রাজনীতির মাঠ ঘোলা করছেন।
এম এ মজিদ বলেন, ‘দলে কোনো কোন্দল নেই। প্রায় সবাই সাবেক স্পিকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। আমি সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী নই। তবে কেউ কেউ এ পদের লোভে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও নেতা-কর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।’
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, সাবেক স্পিকারের নাম ভাঙিয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড চালাচ্ছেন।
তৌহিদুল ইসলাম বলেন, ‘সাবেক স্পিকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। সমস্যা সমাধানে সময় নেওয়ার পরও তিনি কোনো উদ্যোগ নেননি। জেলা ও পৌর বিএনপির ব্যানারে আমরা জাতীয় ও স্থানীয় কর্মসূচি পালন করে আসছি। এসব কর্মসূচিতে অধিকাংশ নেতা-কর্মী অংশ নিচ্ছেন।’ এম এ মজিদের গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডের কারণেই দলে বিভক্তির সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, দ্রুত এর সমাধান না হলে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলবে।
জমির উদ্দিন সরকার বলেন, ‘পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী, তেঁতুলিয়া) আসনে আমার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছেন। এই আসনের নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব মুঠোফোনে বলেন, সাধারণ সম্পাদকের পদ নিয়ে সাংগঠনিক বিরোধ আছে। দলীয় কোন্দল নেই। বিরোধ মেটাতে দুই দফায় আলোচনায় বসা হলেও তা ফলপ্রসূ হয়নি। ১৫ সেপ্টেম্বরের পর ভারপ্রাপ্ত মহাসচিবকে নিয়ে এই বিরোধ মিটিয়ে ফেলা হবে।