পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সদর উপজেলার চারমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী বলছে, নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও অন্যরা পুরুষ।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামের ভাষ্য, ট্রাকটি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি জবদল থেকে পঞ্চগড়ের দিকে আসছিল। চারমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত হয়।

নিহত ব্যক্তিদের লাশ পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। ট্রাকের চালক পলাতক।