পঞ্চগড় থেকে ভারতে যাচ্ছেন ৪৮৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে সদ্যবিলুপ্ত ৩৬টি ছিটমহলের ৯৮টি পরিবারের ৪৮৯ জন ভারতে চলে যাচ্ছেন। ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চার দফায় তাঁরা ভারতে যাবেন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর প্রথম দফায় সদর উপজেলার গারাতি, বোদা উপজেলার নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘী ও নাজিরগঞ্জ ছিটমহলের ১৫টি পরিবারের ৫৫ জন চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তপথে ভারতে চলে যাবেন। একইভাবে ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় দেবীগঞ্জের কোটভাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহল থেকে ৩১টি পরিবারের ১৭৭ জন একই পথে ভারতে যাবেন। ২৪ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দহলা খাগড়াবাড়ী ছিটমহলের ২৯টি পরিবারের ১৪৯ জন এবং ২৬ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দহলাখাগড়াবাড়ী ও বোদা উপজেলার দইখাতা ছিটমহলের ২৩টি পরিবারের ১০৮ জন ওই পথে ভারতে প্রবেশ করবেন।
চলতি বছরের ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত জেলার ৩৬টি ছিটমহলের ৪৮৭ জন ছিটমহলের নাগরিক ভারতে যাওয়ার জন্য আবেদন করেন। এরই মধ্যে দুজনের জন্ম হয়। এতে সংখ্যাটা মোট ৪৮৯ জনে এসে দাঁড়ায়।
সদর উপজেলার সদ্যবিলুপ্ত গারাতি ছিটমহলের দ্বিজেন বর্মণ বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে ছিলাম। তাই সবাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তারপরও যাচ্ছি।’
বোদা উপজেলার নাজিরগঞ্জ ছিটমহলের জয় প্রকাশ রায় বলেন, এখানে আগে নিরাপত্তা, আইনকানুন কিছুই ছিল না। ভারতে গেলে এসব পাবেন বলে তিনি চলে যাচ্ছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘আমরা প্রস্তুত।’ জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তাঁরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। তবে কেউ যেতে না চাইলে জোর করে তাঁকে পাঠানো হবে না।