পঞ্চগড় থেকে ভারতে যাচ্ছেন ৫০২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ১২টি ছিটমহলের ৫০২ জন ভারতে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুন্তাজেরী বলেন, সদর উপজেলার গারাতী ছিটমহলের চারজন ভারতে যাওয়ার তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আউয়াল বলেন, উপজেলার দইখাতা ছিটমহল থেকে তিনটি পরিবারের পাঁচজন সদস্য নাম প্রত্যাহার করে নিয়েছেন।
জেলা প্রশাসন থেকে জানা যায়, নতুন করে দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ছিটমহলের ৪৪ জন ভারতে যাওয়ার অনুমিত পেয়েছেন।
পঞ্চগড়ের ১২টি ছিটমহলে মোট ছিটের সংখ্যা ৩৬টি। ২০১১ সালের জনগণনায় এসব ছিটমহলের জনসংখ্যা ছিল ১৮ হাজার ৮৩৪ জন। এ বছরের ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত গণনায় দেখা যায়, নতুন করে জন্ম নিয়েছে ১ হাজার ৫০২ জন। এ ছাড়া বৈবাহিক সূত্রে অন্তর্ভুক্ত হয়েছেন ৫২৩ জন। তবে ২০১১ সালের মোট জনসংখ্যার ৬০১ জনকে এবারের গণনায় খুঁজে পাওয়া যায়নি। ১৮৭ জন মারা গেছেন। সব মিলিয়ে বর্তমানের জনসংখ্যা ২০ হাজার ৭১ জন।
সরকারি ঘোষণায় বলা হয়েছিল, যাঁরা ভারতে যেতে চান, তাঁদের ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ওই সময় পর্যন্ত মোট ৪৬৭ জন ভারতে যাওয়ার আবেদন করেছিলেন।