পঞ্চগড় সরকারি মিলনায়তনের দেয়াল ধসে আহত ২

পঞ্চগড় সরকারি মিলনায়তনের দেয়াল ধসে গতকাল রোববার দুজন আহত হয়েছেন। তাঁদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকার বাসিন্দা গুলজার হোসেন (২১) ও জামাল হোসেন (২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ আগস্ট পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ফলদ বৃক্ষমেলা শুরু হয়। গত শনিবার শেষ হয় এ মেলা। এরপর থেকেই স্টলগুলো তাদের পণ্যসামগ্রী গোছাতে শুরু করে। মিলনায়তনের উত্তর দেয়াল ঘেঁষে কসমেটিকস ও জুতার কয়েকটি দোকান ছিল। গতকাল দুপুরে উজ্জ্বল শুক স্টোরের কর্মচারীরা মালামাল গোছগাছের সময় হঠাৎ করেই মিলনায়তনের উত্তর পাশের ওই দেয়াল শুে স্টোরের কর্মচারীদের ওপর ধসে পড়ে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পঞ্চগড় সদর পুলিশ ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল আলমসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনসুর আলম গতকাল বিকেলে বলেন, গুলজার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানোর প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।