পঞ্চগড় সীমান্তে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ভজনপুর সীমান্তের করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে সীমান্তের ৪২৭ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাবপিলার এলাকায় লাশটি পড়েছিল৷ পরে লাশটি উদ্ধার করেন ভজনপুর বিজিবির সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভজনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আসেক আলী জানান, করতোয়া নদীসংলগ্ন সীমান্তের কাছাকাছি ওই এলাকায় টহলের সময় নদীতে লাশটি দেখা যায়। পরে খোঁজ নিয়ে স্থানীয়ভাবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ভারতীয় নাগরিকের হতে পারে এমন ভেবে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) লাশ গ্রহণ করার কথা বলা হয়। তবে বিএসএফ লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে বিজিবি তেঁতুলিয়া থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
এ ব্যাপারে জানতে চাইলে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে৷ পরে পুলিশ লাশটি দাফন করেছে। দাফনের সময় পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।