পঞ্চগড়-১ আসনে আ.লীগের একাংশের প্রার্থী মুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের (একাংশের) মতবিনিময় সভায় সাবেক মন্ত্রী মির্জা গোলাম হাফিজের জামাতা শিল্পপতি মো. মুনির হোসেনকে আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শহরের ধাক্কামারা এলাকার আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গোলাম হাফিজের ছেলে মির্জা গোলাম এরফান মো. মুনির হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, গত সংসদ নির্বাচনে তাঁকে এ আসনে নির্বাচন করার জন্য শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন। পারিবারিক কারণে তিনি নির্বাচন না করে মজাহারুল হক প্রধানকে ছেড়ে দেন। সর্বশক্তি নিয়োগ করে তাঁকে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেতানো হয়। কিন্তু তিনি দলীয় নেতা-কর্মী ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
মুনির হোসেন বলেন, সুযোগ, সমর্থন ও মনোনয়ন পেলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে নির্বাচন করতে চান। তিনি সবার সমর্থন চাইলে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান। সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল কাদের, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মখলেছার রহমান এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।