পঞ্চগড়-১ আসনে আ.লীগের কোন্দলের তীব্রতা বাড়ছেই
পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনে আওয়ামী লীগের কোন্দল চরম আকার ধারণ করেছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ওই আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধান এবং অন্য পক্ষে পঞ্চগড়-২ আসনের সাংসদ, জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা আকতার।
তিনটি উপজেলায় পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে দুটি পক্ষ। এমনকি প্রায় সবগুলো ইউনিয়নে দুটি পক্ষের আলাদা আলাদা কমিটি রয়েছে। সম্মেলন ও কমিটি গঠন নিয়ে বিভিন্ন জায়গায় দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।
নুরুল ইসলাম বলেন, সাংসদদের নিজ নিজ সংসদীয় এলাকার সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কথা। মজাহারুল হক প্রধান তাঁর এলাকায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে সেটা করতে ব্যর্থ হয়েছেন।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাংসদ ফরিদা আকতার বলেন, ‘নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে জেলার নেতারা ব্যর্থ হয়েছেন। ফলে ইউনিয়ন ও উপজেলাগুলোতে দুটি করে কমিটি হয়েছে। এবার এ আসন থেকে আমি সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন চাইব।’
মো. মজাহারুল হক প্রধান বলেন, তাঁর নেতৃত্বে গঠিত কমিটিগুলোই বৈধ। দলীয় নির্দেশনা মেনে সভাপতি ও তিনি নিজ নিজ সংসদীয় এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। এ কারণে তাঁর (সাংসদ নুরুল ইসলাম) এলাকায় কোনো কমিটি গঠনে তিনি হস্তক্ষেপ করেননি। কিন্তু তিনি তাঁর আসনে সাংগঠনিক বিভক্তি সৃষ্টিতে তৎপর আছেন।
তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান বলেন, সমেঞ্চলনের মাধ্যমে গোপন ব্যালটে কমিটি গঠন করা হয়েছে। অপর অংশের সভাপতি মো. নায়বুল ইসলাম বলেন, মজাহারুল হক প্রধান ও তাঁর ভাগিনা কাজী মাহমুদুর রহমান দলে বিভেদ সৃষ্টি করেছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি আমিরুল ইসলাম বলেন, নিয়মতান্ত্রিকভাবে উপজেলা সমেঞ্চলন করে কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। অপর অংশের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বলেন, ত্যাগী নেতা-কর্মীরা মজাহারুল হক প্রধানের অপকর্মের প্রতিবাদ করলে তাঁদের অপমান, মারপিট এমনকি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্বাছ আলী দাবি করেন, মোজাহারুল হক প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মীয়করণের কারণে ত্যাগী নেতা-কর্মীরা দলকে এগিয়ে নিতে আলাদা করে সমেঞ্চলনের মাধ্যমে কমিটি গঠন করেছেন। এসব সমেঞ্চলনে জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন।