পঞ্চগড়ে অটোবাইক মালিক এবং চালকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে অটোবাইক চলতে দেওয়ার দাবিতে পঞ্চগড়ে অটোবাইক মালিক ও চালকেরা গতকাল বুধবার সকালে সড়ক অবরোধ করেন। জেলার জগদল বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টা খানেক পরে পুলিশি বাধার মুখে অবরোধ তুলে নেন তাঁরা।
অবরোধ চলাকালে রাস্তার দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশি বাধার মুখে মহাসড়ক থেকে মালিক ও চালকেরা জগদল-নিজবাড়ী বাইপাস রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন করেন। তাঁদের অভিযোগ, মহাসড়কে শান্তিপূর্ণ মানববন্ধন করতে চেয়েছিলেন তাঁরা।
মানববন্ধনে জেলা অটোবাইক চালক সমবায় সমিতির উপদেষ্টা আবদুল আলীম, সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজার রহমান বক্তব্য দেন। তৌহিদুল বলেন, চালকেরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে তাদের দাবিদাওয়া তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ মহাসড়কে মানববন্ধন করতে দেয়নি।
আজিজার রহমান বলেন, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় প্রায় এক হাজার অটোবাইক রয়েছে। মহাসড়কে অটোবাইক নিষিদ্ধের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন মালিক ও চালকেরা। মালিকেরা ঋণ করে ও জমি বেচে এসব অটোবাইক কিনেছেন। চালকেরা অটো চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতেন। মহাসড়কে অটোবাইক চালানো নিষিদ্ধ হওয়ায় এসব পরিবারে অভাব-অনটন নেমে এসেছে। তিনি অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে এসব পরিবারের সব সদস্য রাস্তায় নেমে আসবেন বলেও তিনি সরকারকে সতর্ক করেন।
অটোবাইক মালিক হাসিবুল ইসলাম বলেন, পুলিশ নানাভাবে অটোবাইক চালক ও মালিকদের হয়রানি করছে। যে অটোচালক বা মালিকদের বাড়ি মহাসড়কের পাশে, তাঁদের একটু-আধটু মহাসড়কে উঠতেই হয়। এতেই পুলিশ অটোবাইকের ব্যাটারি খুলে নেয় অথবা মোটা অঙ্কের টাকা নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে মহাসড়কে অটোবাইক চালালে ট্রাফিক পুলিশ মামলা দেয়। আইন অনুযায়ী মামলায় তাঁদের জরিমানা করা হয়। এর বাইরে কোনো
হয়রানি করা হয় না। মহাসড়কে মানববন্ধন করলে হাজার হাজার যাত্রী আটকা পড়বেন। তাই তাঁদের মহাসড়কে মানববন্ধন করতে দেওয়া হয়নি।