পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ রোববার থেকে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি ও যৌথ শ্রমিক ইউনিয়ন। এতে সকাল থেকেই পুরো জেলায় বাস, ট্রাক, মিনিবাস ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ধর্মঘটের ডাক দেওয়া কয়েকজন পরিবহন নেতা প্রথম আলোকে বলেন, মহাসড়কে নছিমন, ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ। অথচ এগুলো অবাধে সড়কে চলাচল করছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অথচ কোনো সুরাহা হয়নি।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি আপেল মাহমুদ বলেন, মহাসড়কে নিষিদ্ধ যান চলাচলের কারণে আমাদের বাস, মিনিবাস ও ট্রাক নিয়মিত দুর্ঘটনার কবলে পড়ছে। কোনো সমাধান না হওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দিনাজপুরে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন আলেয়া বেগম নামের এক নারী। কিন্তু গন্তব্যে পৌঁছার জন্য কোনো গাড়িই পাচ্ছিলেন না। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মাকে দেখতে যাওয়ার জন্য দিনাজপুরে যাব। আমি জানতাম না, গাড়ি বন্ধ। এখন বাসায় ফিরে যাওয়া ছাড়া আর উপায় নেই।’
যোগাযোগ করা হলে পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই এ ধর্মঘট ডাকা হয়েছে। আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল করতে দিই না। কেউ গোপনে চালালেও আমরা মামলা দিচ্ছি।’