পঞ্চগড়ে আইনি সহায়তা পেয়েছেন ১০৯৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গত ১৩ বছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে এক হাজার ৯৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ জন্য এ পর্যন্ত সরকার প্রায় ১০ লাখ টাকা খরচ করেছে। সংস্থায় ৩৯ জন প্যানেলভুক্ত আইনজীবী আছেন।
সংস্থা সূত্রে জানা গেছে, আর্থিক অসংগতি ও দারিদ্র্যের কারণে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে ২০০০ সালে সরকার আইন প্রণয়ন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে। ২০০১ সাল থেকে পঞ্চগড়ে এর কার্যক্রম শুরু হয়।
আটোয়ারী উপজেলার জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা আইনগত সহায়তা দানকারী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এ পর্যন্ত এ কার্যক্রমের আওতায় এক হাজার ৯৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৫৪৭টির নিষ্পত্তি হয়েছে। বর্তমানে বিচারাধীন আছে ৫৪৮টি। ভিজিএফ ও ভিজিডি কার্ডধারী, বয়স্কভাতা প্রাপ্ত ও বার্ষিক ৫০ হাজার টাকার নিচে আয় আছে, এমন বিচারপ্রার্থীরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বার্ষিক আয় ৭৫ হাজার টাকার নিচে ধরা হয়েছে। পাচারের কারণে ক্ষতিগ্রস্ত নারীরাও এ সুবিধা পাবেন।
এ সংস্থার মাধ্যমে আইনি সহায়তা পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের প্রথমে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা কমিটির কাছে সুপারিশসহ আবেদন পাঠাতে হবে। কমিটি যাচাইবাছাই করে বিচারপ্রার্থীদের সহায়তা দেবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা শাখার সদস্য সরকারি কৌঁসুলি আমিনুর রহমান জানান, ফি কম হওয়ায় জ্যেষ্ঠ আইনজীবীরা এসব মামলা চালাতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। এখানে আইনজীবীর সহকারীদের জন্য আলাদা ফি না থাকায় তাঁদের দিয়ে কাজটা করতে গেলে তাঁদেরও উৎসাহ থাকে না। এ ছাড়া বিল করে জমা দেওয়াটাকেও অনেকে ঝামেলা মনে করেন। তিনি নিজেও অনেক মামলা পরিচালনা করে বিল তৈরি করে জমা না দেওয়ায় টাকা তুলতে পারেননি।
সংস্থার প্যানেলভুক্ত আইনজীবী মোজাম্মেল চৌধুরী বর্তমানে ৪০টি মামলা পরিচালনা করছেন। তিনি বলেন, ‘এখানে যা ফি পাই, ওই ফি থেকে একজন আইনজীবীকে সহকারীর খরচ চালাতে হয়। পারিশ্রমিক বা ফিসের চিন্তা করি না। অনেকটা সেবা হিসেবে এসব মামলা পরিচালনা করি।’
সংস্থার জেলা শাখার চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহ্বুব উল ইসলাম বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা ও সমাবেশ করে আইনি সহায়তার বিষয়ে প্রচার চালানো হচ্ছে।