পঞ্চগড়ে আদালতের সেশন সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সেশন সহকারী রামেশ্বর সাহার (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রামেশ্বর সাহার অফিসকক্ষ নেজারত শাখা থেকে গতকাল রোববার রাতে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রামেশ্বরের বাড়ি নওগাঁয়। চাকরি সূত্রে পঞ্চগড়ে আসেন ১৯৮৯ সালে। সেই থেকে তিনি পঞ্চগড় আছেন। তিনি কায়েতপাড়ায় বাড়িও করেছেন।
আদালতের নৈশপ্রহরী আকবর আলী বলেন, ‘গতকাল রাত নয়টার দিকে আদালতের তৃতীয় তলায় নেজারত শাখার দরজা ভেড়ানো থাকলেও তালা খোলা ছিল। দেখতে পাই ভেতরে বাতি জ্বলছে, পাখাও ঘুরছে। মানুষের সাড়াশব্দ নেই। পরে ভেতরে গিয়ে দেখি, কক্ষের গ্রিলের সঙ্গে রশিতে রামেশ্বরের লাশ ঝুলছে। পরে ঘটনাটি বিচারকদের জানাই।’
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ কে এম জেড মুস্তাকিনুর রহমান বলেন, ‘যা দেখেছেন, সেভাবেই লিখবেন।’
সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে রামেশ্বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।