পঞ্চগড়ে আবার গাঙটিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের নদ-নদীতে এ বছর আবার বিপন্ন প্রজাতির পাখি নদীটিটির দেখা মিলছে বলে জানা গেছে। সংখ্যায় খুব কম হলেও জেলার মহানন্দা, করতোয়া, ডাহুক, চাওয়াইসহ বেশ কিছু নদীতেই এদের দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে পাখিটিকে গাঙটিটি নামেই চেনে সবাই।
পঞ্চগড়ের পাখি পর্যবেক্ষক ও বন্য প্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবা বলেন, এক দশক আগেও নদ-নদীর ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যেতে দেখা যেত নদীটিটি পাখিকে। কিন্তু দুই বছর ধরে জেলায় আর এ পাখি চোখে পড়ছিল না। তিনি বলেন, ‘গাঙটিটি আবার পঞ্চগড়ে ফিরে আসছে। দেশের অন্য নদ-নদীর চরে মানুষের বসবাস বেড়ে যাওয়ায় এই অঞ্চলের নদীগুলোকে পাখিগুলো হয়তো অপেক্ষাকৃত নিরাপদ ভাবছে।’
ফিরোজ আল সাবা আরও বলেন, নদীটিটি নুড়িপাথর, বালু দিয়ে বাসা বেঁধে ডিম পাড়ে। পঞ্চগড়ের নদীগুলোতে হিমালয় থেকে বালুর সঙ্গে ভেসে আসে নুড়িপাথর। নদীটিটি পাখির ডিম জলপাই রঙের হয়। শত্রুর হাত থেকে ডিম বাঁচাতে নুড়িপাথর আর জলপাই রঙের ডিম মিলেমিশে একধরনের ছদ্ম পরিবেশ তৈরি করে এ পাখি। এ ছাড়া বাসার ধারে-কাছে মানুষ বা অন্য কোনো প্রাণীর উপস্থিতি টের পেলেই শত্রুকে বিভ্রান্ত করতে নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় গিয়ে জোরে ডাকাডাকি করতে থাকে।
তেঁতুলিয়ার আশরাফুল ইসলাম বলেন, ‘আগে ঝাঁকে ঝাঁকে নদীটিটি দেখা যেত। এখন খুব বেশি দেখা যায় না। জোসনা রাতে এ পাখি হাটিটি-হাটিটি বলে ডাকে।’ তিনি আরও বলেন, সম্প্রতি মহানন্দা, ডাহুক ও করতোয়া নদীর পাড়ে বিরল এই পাখির দেখা মিলছে।
জাতীয় চিড়িয়াখানার সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে গতকাল শুক্রবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মার্চ থেকে জুন এদের প্রজনন মৌসুম। এক যুগ আগেও সারা দেশের নদ-নদীতে ঝাঁকে ঝাঁকে এ পাখি দেখা গেলেও এখন যায় না। পাখিটিকে মহাবিপন্ন পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে।
গাঙটিটি বালুর মধ্যে মুখ ডুবিয়ে দারুণ ভঙ্গিতে খাবার খোঁজে। সাধারণত কীটপতঙ্গ, ছোট ব্যাঙ, কাঁকড়াজাতীয় প্রাণীই এদের খাবার। এ পাখির বাচ্চা বিপদ টের পেলেই মুহূর্তে মাটির সঙ্গে নিজেদের গায়ের রং মিলিয়ে একাকার হয়ে যায়।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বলেন, ‘ছোটবেলায় কত এই পাখি ধরে আদর করতাম। এখন আর এ পাখি চোখে পড়ে না। পাখিটি রক্ষায় অবশ্যই সচেতনতা তৈরি করা উচিত।’