পঞ্চগড়ে ইফতারে সরব বিএনপি
পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ইফতার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। দলের নেতা-কর্মীদের চাঙা করতে এ উদ্যোগ নিয়েছে বিএনপি। ঈদুল ফিতরের পরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতৃত্বে এক দিন এবং যুবদলের নেতৃত্বে এক দিন করে ইফতারের আয়োজন চলছে। এসব ইফতার আয়োজনে পরোক্ষভাবে সহযোগিতা করছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির।
নওশাদ জমির বলেন, কর্মসূচি না থাকায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগের ঘাটতি দেখা দেয়। তাই ইফতার আয়োজন করে নেতা-কর্মীদের চাঙা করা হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ইফতার মাহফিলে প্রচুর লোকের সমাগম হচ্ছে।
সদর উপজেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান বলেন, ইফতার মাহফিলের মাধ্যমে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠছেন।
এদিকে পৌর বিএনপি ওয়ার্ডে ওয়ার্ডে ইফতারের আয়োজন করছে। পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।