পঞ্চগড়ে এক যুগে কৃষিজমি কমেছে ১০ হাজার একর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানা স্থাপন ও মাটি খুঁড়ে পাথর তোলায় পঞ্চগড়ে গত এক যুগে প্রায় ১০ হাজার একর কৃষিজমি কমে গেছে। এতে অনেক কৃষক ভূমিহীন হয়ে পড়েছেন।
জানা গেছে, ১৯৯৭ সালে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর চালু ও ২০০০ সালে চা চাষ শুরু হওয়ায় পঞ্চগড়ে প্রচুর কলকারখানা নির্মাণ ও চা-বাগান গড়ে তোলা হয়। এর পর থেকে কাজী ফার্মস গ্রুপ, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, জেমকন লিমিটেড, প্যারাগন গ্রুপ, গ্লোব-জনকণ্ঠ খামার, জেম জুট মিল, ডেসটিনি লিমিটেড, আহছানিয়া মিশনসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শতাধিক কলকারখানা ও চা-বাগান গড়ে উঠেছে। এর মধ্যে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট প্রায় তিন হাজার একর জমিতে চা-বাগান, কারখানা, কার্যালয় ও বাসভবন নির্মাণ করেছে। কাজী ফার্মস গ্রুপ এক হাজার একর জমিতে মুরগির ১৬টি খামার গড়ে তুলেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে কৃষিজমিতে ৩০টি ইটভাটা গড়ে উঠেছে। পাথর উত্তোলনসহ নানা কারণে এক হাজার একর জমি অনাবাদি হয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট জমির পরিমাণ এক লাখ ৪০ হাজার ৫৩৪ হেক্টর। এর মধ্যে আবাদি জমির পরিমাণ এক লাখ আট হাজার ২০০ হেক্টর।
জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান মো. তৌহিদুল বারী জানান, কৃষিজমি কমে যাওয়ার ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে অনেক কৃষক ভূমিহীন হয়ে গেছেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন বলেন, স্বাভাবিকভাবে প্রতিবছর ১ শতাংশ করে কৃষিজমি কমে। তবে ব্যাপক হারে কলকারখানা নির্মাণ করায় পঞ্চগড় জেলায় দেড় শতাংশ করে কমছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, গত এক যুগে জেলার প্রায় ১০ হাজার একর কৃষিজমি কমে গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামছুল আজম জানান, জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতঘর নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি গত এক যুগে এই জেলায় অনেক কারখানা গড়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।