পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে গরিব মানুষ। কুয়াশার কারণে গতকাল রোববার দিনের বেলায় বেশির ভাগ সময়ে সূর্যের মুখ দেখা যায়নি।
এদিকে প্রচণ্ড ঠান্ডায় বৃদ্ধ ও শিশুদের মধ্যে সর্দিজ্বর, আমাশয়, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাতে তাপমাত্রা ১৩-১৪ এবং দিনে ১৮-২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত কুয়াশা ছিল। এরপর রোদ উঠলেও তেমন তাপ ছড়াতে পারেনি। প্রতিদিন তাপমাত্রা কমছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল ১০টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২২টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মনোয়ারুল ইসলাম জানান, গত তিন দিনে ৫০ জনের বেশি শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তাঁর কাছে চিকিৎসা ও পরামর্শ নিয়েছে। তিনি ডায়রিয়া আক্রান্ত শিশুদের বুকের দুধ পান করাতে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বাসি ও ঠান্ডা খাবার না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন।
পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম বলেন, সরকারিভাবে এখনো কম্বল বা শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যায়নি। পৌর এলাকায় ১৬-১৭টি বস্তি আছে। এসব বস্তির অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিনমজুর। এঁদের গরম কাপড় কেনার সামর্থ্য নেই।
সদর উপজেলার রাজারপাট ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন মুক্তিযোদ্ধা অসুস্থ সহিদুল হক (৬৭) বলেন, ‘শীতে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি। ভাতার টাকা ওষুধ কিনতে শেষ হয়ে যায়। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে যা পায়, তা দিয়ে কোনোরকমে বেঁচে আছি। গরম কাপড় কেনার টাকা পাব কোথায়?’
জোহরা বেগম বলেন, ‘স্বামী পালিয়েছে। অন্যের বাড়িতে কাজ করে তিন ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে বেঁচে আছি। আগুন জ্বালিয়ে রাত কাটাই।’ ৭০ বছরের নূরজাহান আশ্রয়ণের অভাবী মানুষকে কম্বলের ব্যবস্থা করার দাবি জানান। হাফিজুল বলেন, ‘তিন ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে আছি। কাজকাম নাই। ভাত খাবার টাকায় নাই, গরম কাপড় কিনিম কেমন করি।’
এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের লেপতোশকসহ মোটা ও গরম কাপড়ের দোকানে সাধারণ মানুষের ভিড় বেড়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন গলিতে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে নিম্ন আয়ের লোকজনের সমাগম দেখা যাচ্ছে।
আলোছায়া মার্কেটের পুরোনো গরম কাপড়ের ব্যবসায়ী মিজান, মিলন ও মোস্তফা জানান, প্রচুর মানুষ গরম কাপড় কিনছেন। মধ্যবিত্তরাও পুরোনো কাপড় কিনতে আসছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত পাওয়া এক হাজার ৮৮২টি কম্বল উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে।
তবে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ছয়টি ইউনিয়নের জন্য ৩০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিতরণের জন্য শিগগিরই ইউনিয়ন পর্যায়ে ভাগ করে দেওয়া হবে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।