পঞ্চগড়ে গতকাল শুক্রবার ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে দুই ব্যবসায়ীসহ তিনজন এবং ময়মনসিংহ ও নীলফামারীতে এক শিশু ও এক স্কুলশিক্ষার্থী নিহত হয়। এসব ঘটনায় আহত হন আরও কয়েকজন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়ে ছয়জন নিহত: পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চার মাইল নামক স্থানে বেলা পৌনে ১১টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের তিনজনসহ ছয়জন ঘটনাস্থলে নিহত ও দুজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি পঞ্চগড় থেকে তেঁতুলিয়া ও অটোরিকশাটি জগদল থেকে পঞ্চগড় আসার পথে ওই সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার জামুরীবাড়ী গ্রামের আমিরুল ইসলাম (৩৫), স্ত্রী জেসমিন আক্তার (২৮), মেয়ে অর্পি ইসলাম (৬), মনিরুল ইসলাম (১৬), চালক মোস্তাফিজুর রহমান (৩৫) ও গোয়ালপাড়া গ্রামের মল্লিকা বেগম (৬৫)।
আহত ব্যক্তিরা হলেন তাহমিনা (৩৫) ও তাঁর মেয়ে মসলিমা (৬)।
স্থানীয় লোকজনের দাবি, ট্রাকচালক বেপরোয়া গতিতে ট্রাকটি চালাচ্ছিলেন। পাশাপাশি মহাসড়কের দুই ধারে বিক্রির জন্য মজুত করা বালির স্তূপ এবং সড়কে ধান, মরিচ শুকানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ট্রাকটি জব্দ করা হয়েছে। এর চালক ও সহকারী পালিয়েছেন।
সিরাজগঞ্জে নিহত তিন: সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোলচত্বর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চারজন ব্যবসায়ী ঢাকায় লিচু নামিয়ে ট্রাকে পাবনার ঈশ্বরদী ফেরত যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকটি কোনাবাড়ী পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে রাস্তার পাশে ট্রাকটি খাদে উল্টে ঈশ্বরদীর ছলিমপুর গ্রামের আদম আলী (৪৫) ও অজ্ঞাতনামা (৫৫) আরেক ব্যবসায়ী মারা যান। আহত হন দিনাজপুরের বিরামপুরের মঈনুল হোসেন ও খোরশেদ আলম।
অন্যদিকে ভোররাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গোলচত্বর-সংলগ্ন রাস্তায় মো. হেলাল উদ্দীন (৪৫) নামের একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন তিনি। তাঁর বাড়ি বগুড়ার গাবতলীর বেরির হাট গ্রামে।
শিশু নিহত, বাবা আহত: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকালে ব্যক্তিগত এক গাড়ির চাপায় সোহানা (৭) নামের এক শিশু নিহত ও তার বাবা সুমন মিয়া (২৮) আহত হয়েছেন।
পুলিশ জানায়, সুমন মেয়েকে বাইসাইকেলে বসিয়ে যাওয়ার পথে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি বাইসাইকেলটিকে চাপা দিলে বাবা-মেয়ে গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মেয়ে মারা যায়।
প্রাণ গেল স্কুলছাত্রের: নীলফামারীর ডোমার-দেবীগঞ্জ সড়কের চিলাই পাগলাবাজার নামক স্থানে বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকচাপায় নিহত হয়েছে সোয়েম হাসান নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জের খোচাবাড়ি গ্রামে। এ ঘটনায় আহত হন তার খালাতো ভাই রাকিবুল ইসলাম (২২)।
মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে ডোমার যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় সোয়েম। সে কালীগঞ্জ বাজারের শুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের ছাত্র। আহত রাকিবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র।