পঞ্চগড়ে তিন দিনব্যাপী ধামের গান উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদায় গতকাল শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে বিলুপ্তপ্রায় ধামের গান উৎসব। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান’-বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ইশরাফিল শাহীন, লেখক প্রবীর চন্দ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মণিশঙ্কর দাশ গুপ্ত। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০ সদস্যের শিক্ষক-শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল অংশ নেয়। সন্ধ্যায় বোদা উপজেলা পরিষদ বটমূলে ধামের গান ও পিঠা উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম।
উৎসবের প্রথম দিন ঠাকুরগাঁওয়ের কচুবাড়ি পালাটিয়া দল পরিবেশন করে হাউসের বিহাই অঙ্গিলা বিহানী ও বোদার বালাভীড় গোয়ালপাড়ার পালাটিয়া দল পরিবেশন করে পাস করা কামাইল। শুক্রবার সন্ধ্যায় আটোয়ারীর চুচুলী বটতলি পালাটিয়া দল পরিবেশন করে বউমার মিসকল ও লাঙ্গলগাঁও শাপলা পালাটিয়া দল পরিবেশন করে দশ নম্বর আড়ি হাকু দাকু অধিকারী নামের পালা। গতকাল শনিবার শেষ দিনে ঠাকুরগাঁওয়ের খলিশাকুড়ি পালাটিয়া দল পরিবেশন করে হরিবল সাধু মাইয়াই গুরু পালা। ধামের গানে পুরুষেরাই নারী সেজে অভিনয় করেন। আয়োজকেরা জানান, উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী লোকনাট্য ধামের গান এখন হারিয়ে যেতে বসেছে। অথচ একসময় এ অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিল লোকনাট্যের এই ধারাটি। লোকজ্ঞানসমৃদ্ধ গ্রামীণ শিল্পীরা সমাজের নানা অসংগতি এই গানের মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতেন। ধামের গানের শিল্পীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিনয়ী ও সহজ জীবনযাপনের কথা তুলে ধরতেন তাঁদের বিভিন্ন পালায়।
বোদার ইউএনও মো. আবু আউয়াল বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ধামের গান মূলত এ অঞ্চলের মানুষের মৃত্তিকা-সংলগ্ন জীবনোপলব্ধি। পল্লিবাসী ব্রাত্যজনের মধ্যে জীবনস্পন্দন সৃষ্টির জন্যই এই আয়োজন করা হয়েছে।