পঞ্চগড়ে দাম নিয়ে হতাশ চা-চাষিরা
কাঁচা চা-পাতা বিক্রি করে কারখানার মালিকদের কাছ থেকে সঠিক দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন পঞ্চগড়ের চা-চাষিরা। তবে আমদানি শুল্ক কমিয়ে দেওয়ায় দেশীয় চায়ের দাম কমে গেছে বলে দাবি করেছেন কারখানার মালিকেরা।
চা-চাষিরা জানান, গত মৌসুমে পরিবহন খরচসহ প্রতি কেজি কাঁচা চা-পাতার দাম ছিল ২৬ টাকা ৫০ পয়সা। বিক্রি হয়েছে ৩৬ টাকা পর্যন্ত। চলতি মৌসুমে পরিবহন খরচসহ ২০ টাকা করা হয়েছে। কারখানার মালিকেরা নানা অজুহাতে সরবরাহ করা চা থেকে ৩০ থেকে ৫০ ভাগ কেটে রাখছেন। তবে নর্থবেঙ্গল চা কারখানার ব্যবস্থাপক শেখ জাহিদ হোসেন বলেন, চাষিরা নিম্নমানের চা-পাতা সরবরাহ করায় ২০ ভাগ কাটা হচ্ছে।
চা বোর্ড সূত্রে জানা গেছে, জেলায় ২৩টি বড়, ১৬টি মাঝারি, ৫০০ ছোট চা-বাগানসহ প্রায় চার হাজার একর জমিতে চা চাষ হচ্ছে। এসব বাগান থেকে গত মৌসুমে ১৪ লাখ ৬৫ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। চলতি মৌসুমে ২০ লাখ কেজি চা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, চলতি মৌসুমে কারখানার মালিকেরা পরিবহন খরচসহ ১৮ টাকার বেশি দামে চা-পাতা না কেনার ঘোষণা দেন। প্রতিবাদে চাষিরা মানববন্ধনসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। জেলা প্রশাসক গত ২৬ জুন এক সভায় প্রতি কেজির দাম ২১ টাকা নির্ধারণ করেন। কিন্তু তেঁতুলিয়া টি কোম্পানি ও গ্রিন কেয়ার এগ্রো ১৮ টাকার বেশি দামে কিনছে না। দেশে চা আমদানি শুল্ক বৃদ্ধি ও উৎপাদিত চায়ের নিলাম বাজারের ওপর ভিত্তি করে ট্যারিফ চালু বা চা-শিল্পের অস্তিত্ব রক্ষায় চা আমদানি বন্ধ করার দাবি জানান আবদুল জব্বার।
তেঁতুলিয়া টি কোম্পানি ও গ্রিন কেয়ার এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, সরকার ২০১১ সাল থেকে চা আমদানির অনুমতি দেওয়ায় দেশে উৎপাদিত চায়ের দাম কমে গেছে। এক কেজি চা উৎপাদনে খরচ পড়ে ১৫০ থেকে ১৬০ টাকা। অথচ চট্টগ্রাম নিলাম বাজারে চা বিক্রি হচ্ছে ১৪৭ থেকে ১৫০ টাকায়।
চা-পাতার দাম কমে যাওয়ায় চাষিরা চা চাষে উৎসাহ হারিয়ে ফেলছেন বলে মনে করেন পঞ্চগড় আঞ্চলিক চা বিভাগের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন।
পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান জানান, চা-চাষিদের দাবিটি যৌক্তিক, দাবিটি সংসদে তোলা হবে।