পঞ্চগড়ে দুই দিনে ১২টি শকুন উদ্ধার
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত রবি ও সোমবার বিলুপ্তপ্রায় ১২টি শকুন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বন বিভাগ এগুলো বিশেষ ব্যবস্থায় বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার মীরগড়, মাগুড়া, রাজারপাটডাঙ্গা, মালিপাড়া, ব্যারিস্টারমোড়, গলেহাকান্তমণি, রাজনগর এলাকা থেকে এসব শকুন উদ্ধার করার পর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক পঞ্চগড় বন বিভাগকে এগুলোর দেখাশোনার দায়িত্ব দেন। পরে বন বিভাগ বিষয়টি ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানায়। ওই বিভাগ বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীকে এগুলো ঢাকায় নেওয়ার দায়িত্ব দেয়।
শহরের রাজনগর এলাকার স্কুলশিক্ষক আনোয়ারা বেগম, ধাক্কামারা এলাকার মারুফ ও ব্যারিস্টারমোড় এলাকার আল আমিন জানান, শকুনগুলোকে বাড়ি ও বাড়ির আশপাশ এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ধরা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, শকুনগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। তিনি বিকেল পাঁচটার দিকে ১২টি শকুন বিশেষ ব্যবস্থায় গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নিয়ে গেছেন। এসব শকুন বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।