পঞ্চগড়ে দুই সরকারি বিদ্যালয়ে শিক্ষকসংকট
পঞ্চগড় শহরের দুই পালার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা নির্ধারিত সিলেবাস শেষ না করেই পরীক্ষায় অংশ নিচ্ছে। অর্ধেকের কম শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয় দুটি।
বিদ্যালয় দুটি হলো পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ দুটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আড়াই হাজারের বেশি।
ওই দুটি বিদ্যালয় সূত্রে জানা গেছে, বালক ও বালিকাদের জন্য ওই দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের অনেক ছাত্রছাত্রী ভালো পড়াশোনার জন্য সেখানে ভর্তি হয়। কিন্তু শিক্ষকসংকটে তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক দুজনসহ মোট পদের সংখ্যা ৫৩টি। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দুটি পদসহ ১৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পদের সংখ্যা একই। এখানে প্রধান শিক্ষকসহ শূন্য পদের সংখ্যা ২০টি।
বালিকা উচ্চবিদ্যালয়ে বাংলা বিষয়ে পাঁচটি, গণিত, ইংরেজি, কৃষি বিষয়ে দুটি করে, সামাজিক বিজ্ঞান বিষয়ে তিনটি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, শরীরচর্চা ও চারুকলা বিষয়ে একটি করে পদ দীর্ঘ ধরে শূন্য রয়েছে।
বালক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক, দুজন সহকারী প্রধান শিক্ষক, বাংলা, ইংরেজি বিষয়ে চারজন করে, সামাজিক বিজ্ঞান বিষয়ে দুজন, ভৌত বিজ্ঞান, গণিত, ইসলাম শিক্ষার শিক্ষক, হিন্দুধর্ম ও কৃষি বিষয়ে একজন করে শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, শিক্ষকসংকটের জন্য তাদের সব বিষয়ে ক্লাস নিয়মিত হয় না। এ কারণে সিলেবাস শেষ না করেই তাদের পরীক্ষা দিতে হচ্ছে। ফলের তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
বালিকা উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা রানী দেবী বলেন, ‘নিজের দায়িত্ব রেখে পুরো দুই পালার স্কুলের দায়িত্ব পালন করা একার পক্ষে খুবই কষ্টকর। বাইরের শিক্ষকেরা এখানে এলেও বেশি দিন থাকতে চান না। যেভাবেই হোক এখান থেকে বদলি নিয়ে চলে যায়। আর শিক্ষক না থাকলে পড়াশোনার ব্যাঘাত তো একটু ঘটবেই। আমাদের শিক্ষকেরা আন্তরিক বলে মেয়েরা পরীক্ষায় ভালো ফল করে। এ ছাড়া অনেক দিন থেকে জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতি না থাকায় এমন জটিলতার কারণ হতে পারে। সব শিক্ষকের পদ যদি পূরণ করা হয়, তাহলে আমাদের বিদ্যালয়ের মেয়েরা আরও ভালো ফল করবে।’
বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বলেন, ‘সর্বাত্মক চেষ্টা ও আমানুষিক পরিশ্রম করে বাচ্চাদের পাঠদান করাতে হচ্ছে। আমাদের বাচ্চারা ভালো ফল করছে। বিষয়ভিত্তিক শিক্ষক থাকলে ভালো হয়। অনেক শিক্ষক আছেন, যাঁরা প্রায় ২০ বছর ধরে একই পদে আছেন। কোনো পদোন্নতি হচ্ছে না। সে কারণেই প্রধান শিক্ষকসহ সহকারী প্রধান শিক্ষকের পদগুলো শূন্যই রয়ে যাচ্ছে।’
ওই দুটি বিদ্যালয়ে শিক্ষকসংকটের কথা স্বীকার করে জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ বলেন, শিক্ষক নিয়োগ বা বদলির ক্ষমতা তাঁর নেই। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ২০১২ সালের ১৫ মে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া হয়। পিএসসি ছাড়া দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের ক্ষমতা অধিদপ্তরের নেই। নিয়োগবিধি সংশোধন না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষকসংকট বাড়ছে। অধিদপ্তর সর্বশেষ ২০১০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ২০১২ সালে শিক্ষক নিয়োগ দিয়েছে।