পঞ্চগড়ে পথচিত্র প্রদর্শনী
পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক মোড়ে গতকাল শুক্রবার পথচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে পঞ্চগড়ের মানুষের জীবন-জীবিকা এবং প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত প্রদর্শনীতে পঞ্চগড়ের দুজন চিত্রশিল্পীর আঁকা বিভিন্ন জলরঙের ছবি প্রদর্শিত হয়। জলরঙে ‘পঞ্চগড় ও প্রকৃতি’ শিরোনামের এই প্রদর্শনী উদ্বোধন করেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম। এ সময় জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডার ছাত্র রেজওয়ানুল ইসলাম এবং প্রচ্ছদশিল্পী হাজ্জাজ তানিনের আঁকা ৩৫টি ছবি স্থান পেয়েছে। এর আয়োজন করেছে পঞ্চগড়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন নীলঘুড়ি। জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রদর্শনীতে এখানকার চিরায়ত প্রকৃতি যেমন বাঙ্ময় হয়ে উঠেছে, তেমনি একটি শহরের নাগরিক অনুষঙ্গগুলোও চমৎকারভাবে উঠে এসেছে।