পঞ্চগড়ে পুরস্কৃত হলেন ৫০ নারী স্বেচ্ছাসেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নবজাতক ও মাতৃমৃত্যুরোধে বিশেষ অবদান রাখায় পঞ্চগড়ের ৫০ জন নারী স্বাস্থ্য স্বেচ্ছাসেবীকে পুরস্কৃত করা হয়েছে। মাতৃ ও নবজাতক মৃত্যু হ্রাসের ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিতকরণ (এমএনএইচ) কমিটির উদ্যোগে গতকাল রোববার এই পুরস্কার দেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবীদের প্রত্যেককে সনদ ও নগদ এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
সিভিল সার্জন আহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান।
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৎকালীন সরকার তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য গ্রাম পর্যায়ে অংশীদারত্বের ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক চালু করে। ২০০৯ সালের জুন মাসে নবজাতক ও মাতৃমৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে ‘মাকে বাঁচাও-শিশুকে বাঁচাও’ আহ্বানকে সামনে নিয়ে পঞ্চগড়ে পরীক্ষামূলকভাবে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের তিনটি সংগঠনের আর্থিক সহযোগিতায় এমএনএইচ প্রকল্প শুরু হয়। জেলার পাঁচটি উপজেলার ৩৬০ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবী নিয়ে পর্যায়ক্রমে শিশুজন্ম ও প্রসবকালীন সেবাবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে সিভিল সার্জন কার্যালয়।