পঞ্চগড়ে বারুণী স্নান উৎসব শুরু
পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বারুণী মহাস্নান উৎসব। গতকাল বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকার করতোয়া নদীর দুই পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব শুরু হয়।
দিনের আলো ফুটতে না ফুটতেই পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা করতোয়া নদীর তীরে জড়ো হন। দলবেঁধে তাঁরা করতোয়ার উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেন। কাল শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান উৎসব।
সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরীতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তাঁরা। জেলাসহ উত্তরাঞ্চলের লাখো সনাতন ধর্মাবলম্বী এতে অংশ নেয়।
বোদা উপজেলার বামনহাটের নরেশ চন্দ্র বলেন, ‘কয়েক দিন আগে বাবা মারা গেছেন। স্বর্গীয় বাবার সদ্কার্য ও পুণ্যস্নানের জন্য এখানে এসেছি।’
দিনাজপুরের সুইহারি এলাকা থেকে আসা অরূপ কুমার বলেন, ‘এখানে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এই বিশ্বাসে স্নান করতে এসেছি।’
এদিকে প্রতিবছরের মতো এবারও স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী স্নান উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করেছে। করতোয়ার দুই পাড়ে যাতায়াতের সুবিধার জন্য বাঁশের সাঁকো তৈরি করে মেলা কমিটি। সপ্তাহব্যাপী চলবে এ মেলা। এতে খাবার, ছোটদের খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে শতাধিক দোকান বসেছে।
এ ব্যাপারে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান বলেন, প্রতিবছর উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ এখানে আসে। চলমান হরতাল-অবরোধেও এর ব্যতিক্রম হয়নি।