পঞ্চগড়ে মঠের অধ্যক্ষকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ যগেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করা হয়েছে। গুলিতে আহত হয়েছেন গোপাল চন্দ্র রায় (৩৫) নামের এক সাধু। তাঁকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুর্বৃত্তদের হামলায় আহত মঠের পাশের এলাকার নিতাই পদ দাস (৪০) দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

আজ রোববার সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। খবর শুনে পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সকাল সাতটার দিকে দেবীগঞ্জ-বোদা সড়কের দেবীগঞ্জ সেতুর পশ্চিম পাশ লাগোয়া মঠে আসে। তাদের একজন হেলমেট মাথায় সড়কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। অন্য দুজনের মধ্যে একজন পিস্তল হাতে ও অন্যজন ধারালো চাপাতি নিয়ে মঠে ঢুকে হামলা চালায়। অধ্যক্ষ মঠ থেকে বের হয়ে দৌড়ে উত্তর দিকের টিনের চালার ঘরের দিকে যান। দুর্বৃত্তরা ওই ঘরের বারান্দায় তাঁকে গলা কেটে হত্যা করে।

পুলিশ ও স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর পশ্চিম পাশে অবস্থিত শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ। ১৯৯৮ সালে এ মঠ প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই তিনি ছিলেন ওই মঠের অধ্যক্ষ। তাঁর বাড়ি দেবীগঞ্জের সোনাহারে। তিনি অবিবাহিত, তাঁর তিন ভাই ও দুই বোন আছেন।

ঘটনা সম্পর্কে পুলিশ ও স্থানীয় লোকদের ভাষ্য, সকালে ওই মঠের অধ্যক্ষ যগেশ্বর রায়সহ তিনজন পূজা-অর্চনা করছিলেন। দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে তাঁরা মঠ থেকে বের হওয়ার চেষ্টা করেন। দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। যগেশ্বর দৌড়ে মঠের বাইরে উত্তর দিকে একটি টিনশেড বাড়ির বারান্দায় গেলে সেখানে চাপাতি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। তাঁরা মাথাটি শরীর থেকে আলাদা করে বুকের ওপর বসিয়ে রাখা হয়। গোপাল পালানোর চেষ্টা করলে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁর পায়ে ও হাতে গুলিবিদ্ধ হয়। আরেকজনের ওপর ককটেল ছুড়ে হামলা চালানো হয়। মঠের বাইরে কাজ করা লোকজন এ সময় এগিয়ে এলে তাঁদের ওপরও ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে কালো টেপ দিয়ে মোড়ানো এবং মার্কার কলম দিয়ে ইংরেজিতে ‘আইএস’ লেখা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আলামত সংগ্রহ করে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিতাইয়ের ভাষ্য, তাঁর বাড়ি দেবীগঞ্জের ভাউলাগঞ্জে। তিনি চার থেকে পাঁচ মাস আগে এখানে এসেছেন। সকাল সাতটার দিকে দুটি গুলির শব্দ ও চিৎকার শুনতে পান তিনি। দরজা খুলে বাইরে গেলে তিনি দেখেন, সামনে খোঁচা খোঁচা দাড়িওয়ালা ৩০-৩৫ বছরের এক ব্যক্তি পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। গায়ে কালো জ্যাকেট। উত্তর দিকে টিনশেড ঘরের বারান্দায় মঠের অধ্যক্ষকে ধারালো অস্ত্র দিয়ে দুজন কোপাচ্ছেন। তিনি বাইরে আসার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলির চেষ্টা করা হয়। তবে কোনো গুলি বের হয়নি তখন। পরে তিনি পালিয়ে পাশের বাজারে গিয়ে লোকজনকে ঘটনাটি জানান। কেউ কেউ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পিস্তল দেখিয়ে ও ককটেল ফাটিয়ে পশ্চিম দিকে চলে যায়।

জেলার পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ বলেন, জেলার সব হিন্দু ধর্মশালায় নিরাপত্তা জোরদার ছিল। কারা হত্যাকারী এবং কী কারণে এমন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত না করে কোনো কিছু বলা যাচ্ছে না।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় একটি অস্ত্র ও হত্যা মামলা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। ময়নাতদন্তের জন্য যগেশ্বরের মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ মঠ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মঠের পাশে করতোয়া নদীর শ্মশানে বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি আরও বলেন, ‘এটা জঙ্গিদের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি রক্তমাখা জ্যাকেট, রক্তমাখা একটি চাপাতি, একটি পিস্তলের গুলি এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’