পঞ্চগড়ে মন্দিরে দুর্বৃত্তদের আগুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় গত শনিবার গভীর রাতে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পঞ্চগড় জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই মন্দিরটি পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, মন্দির কমিটির দ্বন্দ্ব ও মামলার জের ধরে দুর্বৃত্তরা বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ধকরাহাট এলাকায় হরেকৃষ্ণ মন্দিরে আগুন লাগিয়ে দেয়।
বেংহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মন্দির কমিটির সভাপতি নীরেন্দ্রনাথ অধিকারীসহ স্থানীয় ব্যক্তিরা জানান, মন্দির কমিটি ও মন্দিরের জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বর্তমান কমিটির দীর্ঘদিন ধরে মামলা চলছে।
সম্প্রতি মন্দির কমিটির করা একটি মামলায় বিরোধী পক্ষের কয়েকজনকে জেলহাজতে যেতে হয়। এরই জের ধরে ওই মন্দিরে আগুন দেওয়া হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, প্রাথমিক তদন্তে বিষয়টি মন্দির কমিটির পূর্বশত্রুতার জের বলে মনে হলেও প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।