পঞ্চগড়ে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষে সম্ভাবনা
পঞ্চগড়ের মিঠা পানিতে গলদা চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার অনেক চাষি পুকুরে গলদা চিংড়ি চাষ শুরু করেছেন। লাভের মুখও দেখেছেন তাঁরা। ফলে মাছচাষিরা গলদা চিংড়ি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে জেলায় প্রথম পরীক্ষামূলক গলদা চিংড়ির চাষ শুরু হয়। বর্তমানে জেলার পাঁচ উপজেলায় অর্ধশতাধিক চাষি তাঁদের পুকুরে গলদা চিংড়ি চাষ করছেন। বর্তমানে জেলায় ৪০টিরও বেশি পুকুরে গলদা চিংড়ির চাষ হচ্ছে।
সূত্রটি আরও জানায়, জেলার বোদা উপজেলা সদরের হ্যাচারি ও পার্বতীপুর হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ করছেন চাষিরা। পোনা ছাড়ার সময় প্রত্যেকটি পোনা আট থেকে নয় টাকা দরে কিনতে হয় চাষিদের। অবশ্য কার্যালয় থেকে এবার পাঁচ টাকা দরে চাষিদের মধ্যে পোনা বিতরণ করা হয়েছে। এই চিংড়ি চাষে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। অন্যান্য কার্পজাতীয় মাছের সঙ্গেই চিংড়ি সহজে চাষ করা যায়। খাদ্যের ক্ষেত্রেও বিশেষ কোনো পার্থক্য নেই। গলদা চিংড়ি পাঁচ-ছয় মাসের মধ্যেই পরিপক্ব হয়ে ওঠে। ছয় মাসের মধ্যে এদের ওজন ১২০ থেকে ১৪০ গ্রাম পর্যন্ত হয়।
তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের চিংড়িচাষি সরদার আবতাব উদ্দীন বলেন, ‘পরীক্ষামূলকভাবে ২০১১ সালে আমার পুকুরে গলদা চিংড়ি চাষ শুরু করি। মিঠা পানির পুকুরে চিংড়ি চাষ করা সম্ভব এটা আগে জানতাম না। বর্তমানে আমি বাণিজ্যিক ভিত্তিতে একাধিক পুকুরে এই মাছ চাষ করছি। মাছের বৃদ্ধি ভালো। লাভও প্রচুর।’
মৎস৵চাষি শাহাজান আলীসহ কয়েকজন চাষি বলেন, পুকুরের প্রতি শতকে মিশ্র মাছ চাষে প্রায় হাজার খানেক এবং শুধু চিংড়ি চাষে প্রায় চার হাজার পোনা ছাড়া যায়। পাঁচ-ছয় মাসের মধ্যে প্রতিটি চিংড়ির ওজন হয় ১৫০ থেকে ২০০ গ্রাম। বাজারে এই চিংড়ি ৭০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হয়। জেলা মৎস৵ কার্যালয়ের সহযোগিতা পেলে জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলাতেও রপ্তানি করা যাবে বলে মনে করেন তিনি।
জেলা মৎস৵ কর্মকর্তা আবদুস সালাম বলেন, যাঁরা গলদা চিংড়ির চাষ করবেন জেলা মৎস৵ কার্যালয়ের পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মৎস৵ চাষিদের এই চিংড়ি চাষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।