পঞ্চগড়ে রাত দশটার পর মোটরসাইকেল নিষিদ্ধ
পঞ্চগড়ে আজ বুধবার রাত ১০টার পর থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ত্রাস ও নাশকতা বন্ধে একজনের বেশি কেউ মোটরসাইকেলে উঠতে পারবেন না বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর ব্যতিক্রম হলে মোটরসাইকেল জব্দসহ সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ ভোরে এবং গত সোমবার পঞ্চগড় শহর ও বোদা উপজেলার বগদুরঝুলায় তিনটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষÿথেকে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
জেলায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম পর্যায়ে নাশকতা প্রতিরোধ কমিটি গঠনসহ স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল আকরামুজ্জামান, পঞ্চগড় ১৮বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার সাদত, জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম প্রমুখ।