পঞ্চগড়ে রিট আবেদনে এক মেয়রসহ দুজনের প্রার্থিতা বহাল
হাইকোর্টে রিট করে পঞ্চগড় পৌরসভায় এক মেয়র ও এক কাউন্সিলর প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল সোমবার আদালতের এক রায়ে তাঁদের এ প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। তবে গতকাল নির্ধারিত কার্য সময়ের মধ্যে রায়ের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায়নি বলে জানা গেছে।
দুই প্রার্থীর লোকজন সূত্রে জানা গেছে, প্রার্থিতা ফিরে পাওয়া দুজন হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা জামায়াতের আমির আবদুল খালেক ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গণী। গতকাল কার্যদিবসের মধ্যে রিট আবেদনের রায়ের কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে না পৌঁছালেও দুপুরে আইনজীবী স্বাক্ষরিত রায়ের কপি জমা দেওয়া হয়েছে। এর আগে মনোনয়নপত্রে ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। পরে তাঁরা আপিল করলে সেখানে জেলা প্রশাসকও একই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইউসুফ আলীর প্যাডে লেখা থেকে জানা গেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মাঈনুল ইসলাম ও আশরাফুল কামালের আদালতে দুই প্রার্থী গতকাল পৃথক রিট আবেদন করেন। আদালত শুনানি শেষে দুজনকেই বৈধ প্রার্থী বলে রায় দেন।
প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল খালেক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘যে ত্রুটির কারণে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছিল, তা কোনো ত্রুটির মধ্যেই পড়ে না। আমি সমর্থক সূচকপত্রের শেষে স্বাক্ষর করেছিলাম। প্রত্যেক পাতায় কেনো স্বাক্ষর করিনি, সেই অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু রিট আবেদনে আমার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম বলেন, আইনজীবীর প্যাডে লেখা ও স্বাক্ষর-সংবলিত দুটি পৃথক আবেদন পেয়েছেন। আদালতের রায়ের কপি পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।