পঞ্চগড়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে সাংবাদিক এ রহমান মুকুলকে নির্যাতনের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শের-ই-বাংলা পার্কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় জেলা প্রেসক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তেঁতুলিয়া, আটোয়ারী, দেবীগঞ্জ ও বোদা প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি প্রকাশ করেন।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক এ রহমান মুকুল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, পঞ্চগড় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক আবু সালেক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, মুকুলের ওপর হামলাকারী বিজিবির পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হলেও মূল অভিযুক্ত ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার জসিম উদ্দিনের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
পরে শের-ই-বাংলা পার্ক থেকে সাংবাদিকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে পঞ্চগড়ের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, বিজিবির মহাপরিচালকের কাছে দেওয়া সাংবাদিকদের স্মারকলিপি গ্রহণ করেন।