পঞ্চগড়ে সোয়াইন ফ্লুর ঝুঁকি প্রতিরোধের ব্যবস্থা নেই
প্রতিবেশী দেশ ভারতে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ও ওই ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। কিন্তু সোয়াইন ফ্লুর ঝুঁকি প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিরোধমূলক তৎপরতা নেই।
জানা গেছে, পঞ্চগড়ের তিন দিকেই ভারত। জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন নানা প্রয়োজনে চার থেকে পাঁচ শ ভারতীয় ও নেপালি নাগরিক যাতায়াত করে। এ ছাড়া জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় ও বাংলাদেশি গরু ব্যবসায়ী ও চোরাকারবারিরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করছে। ফলে সীমান্ত পথে আসা লোকজনের মাধ্যমে পঞ্চগড়ে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সীমান্তের জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা বন্দরে সোয়াইন ফ্লু শনাক্ত করতে ‘থার্মাল স্ক্যানার’ ও রেডইন্টার থার্মোমিটার নিয়ে ভারত থেকে আসা লোকজনের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল বসানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়। কিন্তু গত মঙ্গলবারও বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে কোনো চিকিৎসক দল দেখা যায়নি। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম চিকিৎসক দল বসেনি বলে নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলার প্রতিটি ইউনিয়নে সোয়াইন ফ্লু প্রতিরোধে একটি করে কমিটি করার কথা থাকলেও পঞ্চগড়ে কোনো কমিটি করা হয়নি।
সিভিল সার্জন আহাদ আলী বলেন, ‘সীমান্ত জেলা হিসেবে পঞ্চগড় সোয়াইন ফ্লু ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। সোয়াইন ফ্লু ভাইরাস শনাক্ত করা ও চিকিৎসা-সরঞ্জামের স্বল্পতা থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।’