পঞ্চগড়ে ১০ দিনব্যাপী ভূমিজ নাট্য উৎসব শুরু
পঞ্চগড়ে ১০ দিনব্যাপী ভূমিজ দ্বিতীয় নাট্য উৎসব গত শনিবার থেকে শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের সভাপতি শফিকুল ইসলাম। পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতা করছে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতিচর্চার বড়ই অভাব। সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। কোনো বিদ্যালয় কলেজে এখন আর বই পড়া, বিতর্ক, আবৃত্তি, সংগীতচর্চা আর আগের মতো হয় না। শিক্ষার্থীরা শুধু কোচিং আর প্রাইভেট নিয়ে ব্যস্ত। সবাই বলেছেন জঙ্গিবাদ মোকাবিলার বিকল্প হলো সাংস্কৃতিক চর্চা বাড়ানো। সাংস্কৃতিক চর্চায় সরকার সারা দেশে অবকাঠামো তৈরি করেছে। আট জেলায় সরকারি মিলনায়তন এ বছরই নির্মাণ করছে। ১৬ জেলার সরকারি মিলনায়তন সংস্কার করা হবে। প্রতিটি জেলায় মুক্তমঞ্চ নির্মাণ করা হবে। ১৬টির কাজ শুরু হয়েছে। এসবে সাংস্কৃতিক কর্মী ও মানুষের অংশগ্রহণ থাকতে হবে।
অনুষ্ঠানে সাংসদ মো. নুরুল ইসলাম ও নাজমুল হক প্রধান, সংস্কৃতিসচিব আক্তারি মমতাজ, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, ইএসডিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসরাফিল শাহীন।
এ উপলক্ষে বেলা তিনটায় শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। উৎসবে স্থানীয় দুটিসহ দেশের নয়টি নাট্য সংগঠন অংশ নিচ্ছে। সংগঠনগুলো হচ্ছে ঢাকার কিচ্ছাকাহিনী, শব্দ নাট্য চর্চা কেন্দ্র, রংপুর নাট্য কেন্দ্র, কুড়িগ্রামের প্রচ্ছদ, দিনাজপুরের নাট্য সমিতি, আমাদের থিয়েটার, শিল্পনাট, পঞ্চগড়ের জেলা নাট্য সমিতি ও ভূমিজ।
এ ছাড়া গতকাল রোববার নাটকের ইতিহাস ও ক্রমবিবর্তনের গতিপ্রকৃতিবিষয়ক সেমিনার হয়। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহমান মৈশান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ২৫ মার্চ ‘প্রত্ননগরী ভিতরগড় ও ইকো পর্যটনের সম্ভাবনা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন ইউল্যাবের শিক্ষক প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হুসনে জাহান।