পঞ্চগড়ে ১৭ ঘণ্টার মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা নিয়ে বিরোধের জের ধরে পঞ্চগড়ে মোটরমালিক ও শ্রমিকেরা ১৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। গত শনিবার রাত ১০টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধাক্কামারা মোড়ে যানবাহন নিয়ে এ অবরোধ সৃষ্টি করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী, মোটর শ্রমিক ও মালিক সমিতি সূত্র জানায়, শনিবার রাতে বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে মোটরমালিক ও পরিবহনশ্রমিকদের সঙ্গে ডে-নাইট কোচ এজেন্সি কল্যাণ সমিতির নেতাদের মারামারি হয়। মোটর মালিক সমিতি ও শ্রমিকদের তিনটি সংগঠনের যৌথ সিদ্ধান্তে ঢাকাগামী বাসগুলো থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদা তুলতে গেলে ওই ঘটনা ঘটে। ধাক্কামারা এলাকায় বিপি সরকারি স্কুলের সামনে শনিবার রাত আটটার দিকে বুশরা এন্টারপ্রাইজের একটি বাস থামিয়ে মোটর মালিক সমিতি ও পরিবহনশ্রমিকেরা চাঁদা চান। এ সময় বাসের এজেন্ট ও বাসশ্রমিকেরা তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান। এতে মোটর পরিবহন শ্রমিক ও বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ বাদী হয়ে আটজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তাঁরা।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘পুলিশ আবদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার (গতকাল) বিকেল পাঁচটায় মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।’
মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘মালিক ও শ্রমিকদের চারটি সংগঠনের সিদ্ধান্তে নৈশকালীন কোচের তত্ত্বাবধায়কের কাছে চাঁদা চাইতে গেলে তাঁরা আমাদের ওপর হামলা চালান। ডে-নাইট কোচ এজেন্সি কল্যাণ সমিতি ও কোচশ্রমিকেরা শ্রমিক কল্যাণ তহবিলের নামে টাকা তুলে তা জমা করে না।’
পঞ্চগড় ডে-নাইট কোচ এজেন্সি কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ইরান চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, ‘ডে-নাইট কোচগুলোর কাছ থেকে মোটর মালিক সমিতি ও পরিবহনশ্রমিকদের চাঁদা তোলার কথা নয়। তাঁরা মহাসড়কে দাঁড়িয়ে চাঁদা তুলতে গেলে আমরা প্রতিবাদ জানাই। এ সময় তাঁরা আমাদের মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন।’