পঞ্চগড়ে 'ধর্ষণকারী'কে গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ‘ধর্ষণকারী’ আবু তাহেরের (২৬) বিচারের দাবিতে ঢাকা-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় গতকাল সোমবার সড়ক অবরোধ করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ওই শিশুর পরিবারের সদস্যসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
এ ছাড়া তাহেরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন অবরোধকারীরা। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধান, এলাকার প্রবীণ ব্যক্তি খবিরউদ্দিন আহাম্মদ, ব্যবসায়ী জহিরুল হক প্রধান প্রমুখ।
বক্তারা অভিযুক্ত ধর্ষককে এখনো পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একই দাবিতে জগদল বাজারের ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ রাখেন।
এর আগে তাহেরকে গ্রেপ্তার করার দাবিতে ১৩ ডিসেম্বর জগদল বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম উপস্থিত হয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।
কিন্তু প্রতিশ্রুতির তিন দিনেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভে এলাকাবাসী ওই মহাসড়ক গতকাল দুপুরে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
৭ ডিসেম্বর দুপুরে বাবা-মায়ের অনুপস্থিতিতে পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন সদর উপজেলার জগদল নগরডাঙ্গা এলাকার আবু তাহের। ওই দিন রাতে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন এলাকাবাসী তাহেরকে আটক করে সাতমেরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এনামুল হকের কাছে সোপর্দ করে। পরে তাহের গ্রাম পুলিশকে (চৌকিদার) ঘুষি মেরে পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যান তাঁকে ছেড়ে দেন। তবে ইউপি চেয়ারম্যান এনামুল হক তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। পরে শিশুটির বাবা গত ৯ ডিসেম্বর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করতে তাঁদের চেষ্টা অব্যাহত রয়েছে।