দাবি আদায়ে শ্রমিক আন্দোলনের মুখে পঞ্চগড়ের জেম জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে গত শনিবার থেকে তাঁতশ্রমিকেরা কাজ বন্ধ রাখায় গতকাল বুধবার থেকে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাটি বন্ধ করে দেওয়ায় বেকার হয়ে পড়লেন তিন হাজার শ্রমিক।
কারখানা এলাকায় গিয়ে জানা গেছে, পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে জেম জুট মিল স্থাপনের পর থেকেই সফলতার সঙ্গে চলছিল। উৎপাদন ও পরিধি বাড়ায় সম্প্রতি কর্তৃপক্ষ তাঁতশ্রমিকদের জন্য রাতের পালা চালু করে। কিন্তু এ বিভাগের কিছু শ্রমিক মজুরি বৃদ্ধি ছাড়া রাতে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করেন। অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তাঁতশ্রমিক জানান, চট উৎপাদন বাড়াতে এক মাস ধরে এ বিভাগে রাতের পালা চালু করা হয়। এত দিন দুই পালায় কাজ করে আসছিলেন শ্রমিকেরা। চুক্তি অনুযায়ী তাঁরা ১১৫ গজ চটের কাজ করে মজুরি পান মাত্র ৬০ টাকা করে। দেশের অন্য কারখানায় একই পরিমাণ কাজে শ্রমিকেরা পান ১২০ টাকা। এ অবস্থায় কর্তৃপক্ষ আবার এসব শ্রমিককে তিন পালায় কাজ করার নির্দেশ দিলে তাঁরা আপত্তি জানান। এ ছাড়া কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কারখানার প্রধান ফটকে বিক্ষোভ করে আসছেন তাঁরা।
অন্য বিভাগের কয়েকজন শ্রমিক জানান, তাঁতশ্রমিকদের কারণে তাঁদেরও কাজ বন্ধ হয়ে গেছে। মিলটি বন্ধ ঘোষণা করায় তাঁরাও পরিবার-পরিজন নিয়ে বিপদে পড়লেন।
মিলের প্রধান কর্মকর্তা আবদুল মোনায়েম বলেন, দেশের সব মিলে তাঁতশ্রমিকেরা তিন পালায় কাজ করেন। কিছু শ্রমিক গত শনিবার থেকে কাজ বন্ধ করে দেন। অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দেন। ফলে স্বাভাবিক উৎপাদন বজায় রাখা সম্ভব হচ্ছিল না। মিলে অনেক সুতা জমে গেছে। সুতা রাখার জায়গা নেই। তাই কর্তৃপক্ষ মিলটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে। তিনি আরও বলেন, ‘মিলে মোট তিন হাজার শ্রমিক আছেন। কিছু তাঁতশ্রমিকের অযৌক্তিক দাবির কারণে সবাই বেকার হয়ে পড়েছে। তবে আশা করছি শিগগির মিলটি চালু করা হবে।’