পঞ্চগড়ের মেয়র প্রার্থীদের নির্বাচনী ব্যয় জোগাচ্ছেন আত্মীয়স্বজনেরা
পঞ্চগড় পৌরসভার মেয়র পদের চার প্রার্থীর কেউই নিজ টাকায় পুরো নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন না। তাঁদের প্রত্যেকের নির্বাচনী ব্যয়ের বেশির ভাগ অংশই জোগান দিচ্ছেন আত্মীয়স্বজনেরা। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে তাঁদের দাখিল করা নির্বাচনী আয়-ব্যয়ের উৎস বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, এ পৌরসভায় মেয়র প্রার্থীরা ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। তবে কোনো প্রার্থীই তিন লাখের ওপরে নির্বাচনী ব্যয় করছেন না বলে তথ্য দিয়েছেন নির্বাচনী আয়-ব্যয়ের তথ্য বিররণীতে।
এসব বিবরণী ঘেঁটে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যয় করছেন স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির আবদুল খালেক। তিনি সম্ভাব্য ব্যয় ধরেছেন তিন লাখ। এর মধ্যে তাঁর নিজের দেড় লাখ। বাকি দেড় লাখ দেবেন তাঁর দুই ভাই।
সবচেয়ে কম ব্যয় করছেন জাসদের প্রার্থী আবদুল মজিদ। তিনি নিজের ৫০ হাজার আর ছেলের দেওয়া ৫০ হাজার টাকায় নির্বাচন করছেন।
২০-দলীয় জোটের প্রার্থী বর্তমান মেয়র বিএনপির তৌহিদুল ইসলাম সম্ভাব্য ব্যয় ধরেছেন ২ লাখ ৫৫ হাজার টাকা। এর মধ্যে নিজে ৭৫ হাজার, ভায়রা ৭৫ হাজার, ভাতিজা ২০ হাজার, শ্যালক ৫০ হাজার আর জামাই দেবেন ৩৫ হাজার টাকা।
আওয়ামী লীগের জাকিয়া খাতুন নির্বাচনে তাঁর সম্ভাব্য ব্যয় ধরেছেন আড়াই লাখ টাকা। এর মধ্যে তিনি নিজে ২ লাখ আর ২৫ হাজার টাকা করে দেবেন তাঁর এক ভাই ও এক দুলাভাই।