পঞ্চগড়, নীলফামারী ও রংপুরে ঝড়-বৃষ্টি চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়, নীলফামারী ও রংপুরের পীরগাছা উপজেলায় বৃহস্পতিবার রাতে দুই দফা ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, ফল আর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ঘরচাপায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: জেলা সদরসহ পাঁচ উপজেলায় ঝড়ে কয়েক শ কাঁচাপাকা ঘরবাড়ি ও ছোটবড় গাছপালা ভেঙে পড়েছে। ঘরচাপায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলার বোদা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। গাছপালাও ভেঙে গেছে। শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা গম, ভুট্টা, আম, কাঁঠাল, লিচু, টমেটো, মরিচ, তরমুজ। নীলফামারী: ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। জেলা সদরের গোড়গ্রাম, চওড়া বড়গাছা, রামনগর, কচুকাটা, টুপামারী, পঞ্চপুকুর ও খোকশাবাড়ি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় শতাধিক একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ অন্তত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান দুমড়ে-মুচড়ে যায়। পীরগাছা (রংপুর): উপজেলার সদর ইউনিয়নের তালুক ইসাদ, দুধিয়াবাড়ি, অনন্তরাম ও দিলালপাড়া গ্রামের পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি ও দুধিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির টিনের চালা লন্ডভন্ড হয়ে যায়। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। এ ছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে তালুক ইসাদ, দুধিয়াবাড়ি, অনন্তরাম ও দিলালপাড়া গ্রামের বোরোর খেত, ভুট্টা, পাট ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়।