পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে চলাচল করছেন যাত্রীরা। পঞ্চগড়, ২৫ এপ্রিল। ছবি: প্রথম আলো
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে চলাচল করছেন যাত্রীরা। পঞ্চগড়, ২৫ এপ্রিল। ছবি: প্রথম আলো

চট্টগ্রামে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক বাসচালককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের চারটি জেলায় একযোগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবহনশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় শুরু হওয়া এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা।

ধর্মঘটের কারণে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক। বিপাকে পড়েছেন পঞ্চগড় থেকে টমেটো সরবরাহকারী ব্যবসায়ীরাও।

অনির্দিষ্টকালের এ ধর্মঘটে জেলার সব কটি সড়কপথে বাস, মাইক্রোবাস, ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টরসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এমনকি ধর্মঘটের আওতাধীন এই জেলাগুলো থেকে দূরপাল্লার বাসও ছেড়ে যায়নি। কেউ কেউ ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোয় সকাল থেকেই শ্রমিকেরা অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন। এই ধর্মঘট একই সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় চলছে বলে জানান পরিবহনশ্রমিক নেতারা।

পঞ্চগড় বাজারের থাই গ্লাস ব্যবসায়ী আরমানুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে একটি গাড়িতে আমার মালামাল (থাই গ্লাস) আসছিল। এখন এই ধর্মঘটের কারণে দিনাজপুরের বীরগঞ্জে আমার গাড়িসহ মালামাল আটকা পড়েছে।’

পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট এলাকার টমেটো ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘আমি স্থানীয় কৃষকদের কাছে টমেটো কিনে প্রতিদিন ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই। আজ বৃহস্পতিবারও আমার দুটি গাড়িতে (ট্রাকে) টমেটো ঢাকার শ্যামবাজারে যাওয়ার কথা। এখন ধর্মঘটের কারণে গাড়ি যেতে পারছে না। এভাবে গাড়ি আটকে থাকলে টমেটো পচে যেতে পারে।’

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কুদরত-ই-খোদা মিলন বলেন, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকেই কোনো গাড়ি স্থলবন্দর ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া স্থলবন্দর থেকে যেসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেগুলো গাড়িতে ওঠানামা (লোড-আনলোড) না হওয়ার কারণেও শ্রমিকেরা কিছুটা বিপাকে পড়েছেন। গাড়ি বন্ধ থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি বন্দরশ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।

পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘বাসচালককে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালে ধর্মঘট চলবে।’ এই ধর্মঘট একই সঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় চলছে বলে তিনি জানান।

পঞ্চগড় জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি শফিউজ্জামান পাটোয়ারী বলেন, ‘বাসচালককে হত্যার বিচার দাবিতে শ্রমিকেরা ধর্মঘট করছেন। আমরা মালিকেরা তাদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন দিয়েছি।’

২২ এপ্রিল দিবাগত রাত একটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে পটিয়া উপজেলার শিকলবাহা এলাকায় ডিবির পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি বাস আটক করা হয়। চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে ইয়াবা থাকার কথা বলে বাসে তল্লাশি চালায় তারা। চালককে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জালাল উদ্দিন দিনাজপুরের দশমাইল এলাকার দরবারপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।