পঞ্চগড় ২৫ রাইফেলস ও ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত জওয়ানদের বিচারকাজ আগামী এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। পঞ্চগড়ে ৪ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত এবং ঠাকুরগাঁওয়ে ৮ এপ্রিল সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি থাকবে। পঞ্চগড়ে ৪ এপ্রিল সকালে আদালত আবার বসবে। ওই দিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হবে এবং তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। ঠাকুরগাঁওয়ে ৮ এপ্রিল সকালে ফের বিচার শুরু হলে শুনানি শেষে অভিযোগ গঠন করা হবে।গতকাল বৃহস্পতিবার বিশেষ আদালত ২-এ সকাল নয়টা ২২ মিনিটে বিচারকাজ শুরু হয়। শুরুতে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আসামিদের জিজ্ঞাসা করেন যে তাঁরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের কাগজ পেয়েছেন কি না। আসামিরা সবাই কাগজ পেয়েছেন বলে আদালতকে জানান। আসামি মহিবুর রহমান নিজেকে একজন হূদরোগী এবং তাঁর অপারেশন হয়েছে জানিয়ে সুচিকিত্সার আবেদন জানান। আদালত সরকারি কৌঁসুলিকে জেলকোড অনুযায়ী চিকিত্সাসেবা দেওয়ার আদেশ দেন।আদালত মামলার সরকারি কৌঁসুলি পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল হককে অবিলম্বে আসামিদের প্রত্যেকের কাছে সাক্ষীদের তালিকাসহ সাক্ষ্য-প্রমাণের সারসংক্ষেপ সরবরাহের নির্দেশ দেন। আদালত সরকারি কৌঁসুলিকে ধার্য তারিখের আগেই বিডিআরের আইন অনুযায়ী আসামিদের আইনি সহায়তার জন্য বিডিআরের একজন কর্মকর্তাকে নিয়োগের নির্দেশ দেন। আদালত আসামিদের উদ্দেশে বলেন, তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে প্রয়োজনে নিজ অর্থে নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারবেন বলে জানান। এরপর আদালত মুলতবি ঘোষণা করে আসামিদের পুনরায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে সকাল ১০টা ১০ মিনিটে বিডিআরের মহাপরিচালক ঠাকুরগাঁয়ের উদ্দেশে রওয়ানা হন। ঠাকুরগাঁওয়ে গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে দ্বিতীয় দিনের মতো আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা ৫৫ মিনিটে অভিযুক্ত ৫১ জন বিডিআর সদস্যকে পুলিশ, র্যাব ও বিডিআরের কড়া পাহারায় ঠাকুরগাঁও কারাগার থেকে বিশেষ আদালতে নেওয়া হয়। বেলা ১১টা ৫০ মিনিটে আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম ঘণ্টা বাজিয়ে আদালতের কার্যক্রম শুরু করেন।