পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ধর্মঘট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে অবৈধ মোটরযান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।
ধর্মঘটের কারণে দুই জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ পথেও যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতিসহ পঞ্চগড় ও দিনাজপুর জেলার নয়টি পরিবহন সংগঠন গত রোববার সড়ক-মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন, ভটভটি ও তিন চাকার মোটরযান চলাচল বন্ধে ধর্মঘটের ডাক দেয়। সোমবার রাতে ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের যৌথ সভার সিদ্ধান্তে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়।
মোটর মালিক সমিতির লোকজন গতকাল সকাল থেকে ট্রাকে লাঠিসোঁটা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা চার-পাঁচটি অটোরিকশা ও তিন চাকার যান ভাঙচুর করেন। এতে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যানবাহন ভাঙচুরের প্রতিবাদে জেলা অটো টেম্পো মালিক সমিতির পক্ষ থেকে দুপুরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
অটো টেম্পো মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহঠাকুরতা বলেন, ‘মোটর মালিক সমিতি অবৈধ যানবাহন নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধ করার নামে বৈধ থ্রি হুইলার (তিন চাকার যান) বন্ধ করার দাবিতে যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তা অনৈতিক। আমাদের সমিতির সদস্যদের অধিকাংশ গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে।’
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সড়ক অবরোধ করে রাখা বাস-ট্রাকগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার বলেন, ‘অবৈধ যানবাহন এবং বাংলাবান্ধা স্থলবন্দরে চাঁদাবাজির বিষয়টি প্রশাসনকে কয়েক দফা বলা হয়েছে। কিন্তু প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি। দাবি না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরোজ আহামেঞ্চদ বলেন, ‘গতকাল সন্ধ্যায় সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাদের নিয়ে আবারও বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে।’