পঞ্চগড় ও লাকসামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
পঞ্চগড় পৌরসভায় মহাজোটের সমর্থিত প্রার্থী নির্বাচনী প্রচারণায় ২০-২৫টি মোটরসাইকেল ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লার লাকসামে দুই মেয়র ও আট কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভায় মহাজোটের সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার দুপুরে তাঁর মসজিদপাড়ার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই মেয়র পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাঁর নেতা-কর্মী ও সমর্থকেরা এই বলে গুজব ছড়াচ্ছেন যে ভোট যেই পান, মহাজোটের প্রার্থীই জয়ী হবে। আমার সম্পর্কে আপত্তিকর কথা বলছেন তাঁরা।’অভিযোগ অস্বীকার করে মেয়র পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম বলেন, কর্মীদের নিয়ে বৈঠক করার সময় চার-পাঁচটি মোটরসাইকেল থাকে। রিটার্নিং কর্মকর্তা এহছানুল পারভেজ প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ ছাড়া কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।লাকসাম (কুমিল্লা): আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার লাকসামের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুজন মেয়র ও আটজন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। মেয়র প্রার্থী যাঁদের নোটিশ দিয়েছেন, তাঁরা হলেন বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী সুভাষ বণিক ও স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান।রিটার্নিং কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ জানান, আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় একাধিক সাপ্তাহিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন প্রার্থীরা। তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।কাউন্সিলর পদপ্রার্থী ওমর ফারুক, আবু ছায়েদ, আনোয়ার হোসেন ও ওয়াহিদুর রহমান জানান, তাঁদের নির্বাচনকে বাধাগ্রস্থ করতে লাকসাম থেকে প্রকাশিতআলোর দিশারী নামের একটি সাপ্তাহিক পত্রিকায় ভোট প্রার্থনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই সব বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন বলে দাবি করেন।